কথায় বলে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ভারতের কাছে হারলে পাকিস্তানে নাকি হাজারে হাজারে টিভি ভাঙে! দীর্ঘদিন এমন টিপ্পনী চলে আসছে ক্রিকেটমহলে। সেই 'ট্র্যাডিশন' অব্যাহত থাকল রবিবারও। চিরাচরিত ধারা মেনে ভারতের কাছে কচুকাটা হল পাকিস্তান। ম্যাচের পর টিভি ভেঙে চুরমার করলেন পাক ভক্তকুল। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
রবিবারের আগে টি-২০ বিশ্বকাপে সবমিলিয়ে ৮ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তারমধ্যে সাতবারই ভারত জিতেছে। পাকভক্তদের আশা ছিল, এবারের বিশ্বকাপে সেই ছবিটা পালটে দেওয়া যাবে। কারণ টুর্নামেন্টের সব ম্যাচ শ্রীলঙ্কায় একই পরিবেশে খেলছে পাকিস্তান। আবহাওয়া, পরিবেশ, পিচ-সমস্ত কিছুতেই অনেক বেশি মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন সলমন আলি আঘারা। পাকিস্তানকে নিয়ে আশা আরও বেড়ে যায় প্রথম ওভারেই অভিষেক শর্মা আউট হওয়ার পর।
কিন্তু পাকিস্তানের হাত থেকে ম্যাচ কেড়ে নেন ঈশান কিষান। মাত্র ৪০ বলে ৭৭ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন কঠিন পিচে। যে উইকেটে অন্য ব্যাটাররা রান করতে রীতিমতো সংগ্রাম করেছেন, সেখানে ঈশান অনায়াস ভঙ্গিতে রান তুলেছেন। ১৭৫ রান তাড়া করে জেতা পাকিস্তানের পক্ষে অসম্ভব ছিল। শেষ পর্যন্ত ১১৪ রানে গুটিয়ে যায় পাক ব্যাটিং লাইন আপ। ৬১ রানে ম্যাচ জিতে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত।
ম্যাচ শেষ হতেই ভাইরাল হয়েছে পাকভক্তের হতাশার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ব্যাট দিয়ে মেরে টিভি ভেঙে ফেলছেন এক পাক ভক্ত। টুকরো টুকরো হয়ে যাওয়া টিভির ভিডিও নিজেই শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। যদিও নেটিজেনদের একাংশের দাবি, সস্তার প্রচার পেতে এহেন কাণ্ড করেছেন ওই পাক ভক্ত। তবে পাকিস্তানের একাধিক এলাকাতেই এইভাবে টিভি ভাঙার ঘটনা ঘটেছে। নেটিজেনদের অনেকে আবার বলেছেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তান হারবে সেটা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। তাই এই ম্যাচ থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা না করাই ভালো।
