ভারতের বিরুদ্ধে হারাটাই যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান। ভারত-পাকিস্তান (India Vs Pakistan) লড়াই ইদানীং ম্যাড়মেড়ে। একপেশে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup) দেখা গেল এক ছবি। সেখানে লজ্জার ক্রিকেট উপহার দিল পাক দল। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে একেবারে গোহারান হেরেছে সলমন আলি আঘার দল। ম্যাচ হেরে পাক অধিনায়কের সাফাই পিচ নাকি বদলে গিয়েছিল। এমন আজব যুক্তির পর নেট দুনিয়ায় হাসির রোল।
ভারতের বিরুদ্ধে একাধিক আঘার ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে অন্যতম দলের 'ব্রহ্মাস্ত্র' উসমান তারিককে একাদশতম ওভারে বল হাতে তুলে দেওয়া। তাঁকে যখন বল দেওয়া হল, ততক্ষণে স্কোরবোর্ডে প্রায় শ’খানেক রান উঠে গিয়েছে। ঈশান কিষান বিধ্বংসী ইনিংস খেলে ফেলেছেন। ক্রিকেটমহলে প্রশ্ন, দলের তুরুপের তাসকে কোন যুক্তিতে এতক্ষণ লুকিয়ে রেখেছিলেন?
পাক অধিনায়ক বলছেন, "বোলারদের পারফরম্যান্সে ঘাটতি ছিল। প্রথম ইনিংসে বল ভালো গ্রিপ করা যাচ্ছিল। কিন্তু যখন ভালো বল করা দরকার, তখন সেটা করতে পারেনি।"
পাক অধিনায়কের জবাব, "স্পিনারদের উপর আস্থা রেখেছিলাম। কিন্তু ওদের জন্য খারাপ দিন গেল। কিছু ক্ষেত্রে শক্তির প্রয়োগেও ভুল ছিল। তবু আমরা স্পিনারদের উপরেই ভরসা করব। গত ছ'মাসে ভালো পারফর্ম করেছে ওরা।" এই পর্যন্ত সব ঠিকই ছিল। এর পরেই বলে বসলেন, "প্রথম ইনিংসের থেকে দ্বিতীয় ইনিংসে পিচ অনেক ভালো আচরণ করেছে।" অর্থাৎ তাঁর ব্যাখ্যা হল, পাকিস্তান যখন ব্যাটিং করছিল, তখন পিচ বদলে গিয়েছিল। এমন আজব যুক্তির পর নেটিজেনরা লিখছেন, 'বছর পাঁচেক বিরতি নিয়ে আগে ক্রিকেটটা শিখে আসুন। তারপর না হয় এমন যুক্তি পেশ করবেন।'
তিনি আরও বলেন, "পাওয়ার প্লেতে আমরা অনেক উইকেট হারিয়েছি। রান তাড়া করার সময় এটা হলে বিষয়টা আরও কঠিন হয়ে যায়। তবে বোলারদের পারফরম্যান্সে ঘাটতি ছিল। প্রথম ইনিংসে বল ভালো গ্রিপ করা যাচ্ছিল। কিন্তু যখন ভালো বল করা দরকার, তখন সেটা করতে পারেনি। এই ধরনের খেলায় আবেগ সব সময় বেশি থাকে। এর মুখোমুখি হতেই হবে। আমরা এরকম অনেক ম্যাচই খেলেছি। দু'দিন পর আরও একটা ম্যাচ। সেটায় জিতে আমাদের সুপার এইটে যেতে হবে। তারপর আবার নতুন একটা টুর্নামেন্ট।" উল্লেখ্য, পাকিস্তানের পরের ম্যাচ ১৮ তারিখ, নামিবিয়ার বিরুদ্ধে।
