বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। তাতে ভারতের কী! অধিনায়ক সূর্যকুমার যাদব যেন ঘুরিয়ে সেটাই বলে দিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারির মহারণে পাকিস্তান নামবে না ঠিকই। তবে টিম ইন্ডিয়া তৈরি। এই ইস্যু নিয়ে প্রথমবার মুখ খুলে সূর্য জানিয়ে দিলেন, "আমরা তো কখনও খেলব না বলিনি।"
তাঁর সাফ কথা, "ওরা খেলতে চাইছে না। আমরা তো খেলব না বলিনি। কলম্বোর জন্য আমাদের বিমানের টিকিট কাটা হয়ে গিয়েছে।" বিশ্বকাপের আগে মুম্বইয়ে 'ক্যাপ্টেনস ডে'তে সূর্য পরবর্তী পরিকল্পনাও বলে দিলেন, "প্রথমে আমরা এখানে খেলব। তারপর দিল্লি যাব। সেখান থেকে কলম্বো যাব।" আর তার সঙ্গে পাকিস্তানকে খোঁচা দেওয়ার সুযোগও ছাড়লেন না সূর্য। ভারত অধিনায়কের টিপ্পনি, "ওদের সিদ্ধান্ত তো আর আমার হাতে নেই।"
বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি, আমেরিকার বিরুদ্ধে। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে নামবেন সূর্যকুমাররা। তারপর ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ হওয়ার কথা। তবে পাক বাহিনী এই ম্যাচ বয়কট করেছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত পাকিস্তান সরকারের। বাবর আজমরা না নামতে চাইলেও, সূর্যরা নামবেন। এরপর ১৮ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ।
তবে মহসিন নকভির পাক বোর্ড ঠিক করেছে বয়কট নিয়ে তারা আইসিসি’কে কিছু জানাবে না। কোনও সরকারি ইমেল পাঠাবে না তারা। যুক্তি হিসেবে বলা হচ্ছে পাক সরকারের টুইটের প্রেক্ষিতে আইসিসি নিজেদের বক্তব্য জানিয়েছে। অর্থাৎ পুরোটাই তারা জানে। তাই নতুন করে সরকারি সিদ্ধান্ত পাঠানোর দায় পাক বোর্ডের নেই। পাক সরকার কী টুইট করেছে না করেছে, সেটা আইসিসি-র বিচার্য নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সরকারি ভাবে জানাতে হবে যে, তারা ভারতের বিরুদ্ধে খেলবে না। যদিও ভারতীয় বোর্ডের মতে, পাকিস্তান বোর্ড যে যুক্তি খাড়া করতে চলেছে তা অত্যন্ত দুর্বল।
