সাম্প্রতিক অতীতে ভারতকে বেশ ভোগাচ্ছেন স্পিনাররা। নামিবিয়ার অখ্যাত জেরার্ড এরাসমাস পর্যন্ত চার উইকেট তুলে নিয়েছেন ভারতের। এহেন পরিস্থিতিতে রবিবার সুপার এইটে খেলতে নামছেন সূর্যকুমার যাদবরা। যেখানে প্রতিপক্ষ অধিনায়ক এডেন মার্করামের বিষাক্ত স্পিন সামলাতে হবে। মার্করামের চ্যালেঞ্জ সামলাতে সূর্যদের ত্রাতা হয়ে টিম ইন্ডিয়ার নেটে হাজির হলেন এক বঙ্গসন্তান। নাম দয়ানন্দ ঘরামি।
টি-২০ বিশ্বকাপ ধরে রাখার যুদ্ধে নেমেছে ভারত। দলে নেই কোনও বাঙালি ক্রিকেটার। কিন্তু মেন ইন ব্লুর ভরসার হাত হয়ে উঠলেন মেদিনীপুরের ছেলে দয়ানন্দ। প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে ভারতের নেটে দেখা গেল, হাত ঘোরাচ্ছেন তিনি। থ্রো ডাউন স্পেশালিস্ট দয়ানন্দ অনুশীলন করালেন সূর্যদের। শনিবার মাত্র চারজন ক্রিকেটার অনুশীলনে এসেছিলেন। তাঁদেরই থ্রোডাউন দিলেন দয়ানন্দ।
তবে এই প্রথমবার নয়। ভারতীয় দলের সঙ্গে দয়ানন্দকে আগেও দেখা গিয়েছে। ২০২৪ সালের টি-২০ বিশ্বজয়ী ভারতীয় দলের সঙ্গেও ছিলেন তিনি। বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে দয়ানন্দের ছবিও ভাইরাল হয়ে যায়। তবে কোলাঘাটের গ্রামের এক কৃষক পরিবারের সন্তান দয়ানন্দের যাত্রাপথ একেবারেই মসৃণ ছিল না। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন। কিন্তু স্বপ্নপূরণের পথে বারবার অন্তরায় হয়ে উঠেছে দারিদ্র। দয়ানন্দের বাবা একজন সাধারণ কৃষক। পরের জমিতে চাষ করেন। কিন্তু অর্থের অভাব দমিয়ে রাখতে পারেনি জামিত্যা গ্রামের দয়ানন্দকে।
ভারতীয় দলের সঙ্গেই যুক্ত রয়েছেন কোলাঘাটের ছেলে। ২০২৪ টি-২০ বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি-সমস্ত জয়ের নেপথ্য নায়ক হিসাবে থেকেছেন এই বঙ্গসন্তান।
কোলাঘাট থেকে ভারতীয় দলের ড্রেসিংরুম- দয়ানন্দের এই যাত্রাটা শুরু হয় অনিল কুম্বলের হাত ধরে। আইপিএলে ইডেনের নেটে তাঁর দু’হাতে থ্রো দেখে ফেলেন কিংবদন্তি ভারতীয় স্পিনার। সেখান থেকে স্বপ্নের উড়ান শুরু। প্রথমে অন্ধ্রপ্রদেশের রনজি দলে ছিলেন। কুম্বলের হাত ধরে যোগ দেন কিংস ইলেভন পাঞ্জাব শিবিরে। তারপর ২০২০ সালে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যায়। সেই দলের সঙ্গে ছিলেন দয়ানন্দ। সেবারেই গাবায় অজি বধ করে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে নেয় মেন ইন ব্লু। তার পর থেকে ভারতীয় দলের সঙ্গেই যুক্ত রয়েছেন কোলাঘাটের ছেলে। ২০২৪ টি-২০ বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি-সমস্ত জয়ের নেপথ্য নায়ক হিসাবে থেকেছেন এই বঙ্গসন্তান। তাঁর সাহায্যে টি-২০ বিশ্বকাপ আবারও আসবে ভারতের ঘরে?
