টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারত। দেশজুড়ে খুশির পরিবেশ। এর মধ্যে শিবরাত্রির পবিত্র লগ্ন। ভারতের জয়ে উৎসবের আমেজ আরও বেড়ে গিয়েছে। তাকে আরও 'স্পেশাল' করে দিলেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। পাকিস্তানকে হারিয়ে তাঁর মুখে, 'হরহর মহাদেব।' মহাশিবরাত্রির পুণ্যতিথিতে ভারতের জয় উৎসর্গ করলেন দেশবাসীর উদ্দেশ্যে।
গত বছর এশিয়া কাপে পাকিস্তানে ৩ ম্যাচে হারানোর পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব রাখঢাক না করেই বলে দিয়েছিলেন, ইদানীং আর ভারত-পাকিস্তান ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা নেই। পুরোটাই একপেশে। সূর্য যে বিশেষ ভুল কিছু বলেননি, সেটা আরও একবার প্রমাণ করল পাকিস্তান দল। টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ৬১ রানে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে মেন ইন ব্লু। শ্রীলঙ্কার কলম্বোয় এই ম্যাচে বরুণ দু'টি উইকেট তোলেন। তাঁর স্পিনের 'বিষে' নীল হয়ে গিয়েছিল পাক ব্যাটিং।
তারপরই সোশাল মিডিয়া বরুণ লেখেন, 'কোনও সন্দেহ আছে নাকি? মহাশিবরাত্রির পুণ্যতিথিতে এই জয়টা সব ভারতবাসীকে উৎসর্গ করলাম। হর হর মহাদেব।' পাকিস্তানকে হারানোর পর দেশবাসীকে জয় উৎসর্গ করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদবও।
ম্যাচের নায়ক ঈশান কিষানও বললেন, ‘এই ম্যাচটা সব সময় আলাদা। এই জয়টা শুধু আমাদের জন্য নয়। দেশের জন্যও গুরুত্বপূর্ণ ছিল। ওদের দলে কয়েকজন ভাল স্পিনার আছে। পাকিস্তানের বিরুদ্ধে এই জয়টা আমাদের আরও আত্মবিশ্বাসী করবে। যেটা পরের ম্যাচগুলোতে কাজে লাগবে।’’ আর বলিউডের তারকা অনুপম খের ইনস্টাগ্রামে ম্যাচের ভিডিও শেয়ার করে লেখেন, ‘হর হর মহাদেব’।
