দলীপ ট্রফির অভিষেক সুখের হয়নি বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। মাত্র ৬ বলেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয়েছে ‘বিস্ময় প্রতিভা’কে। তবে এত কিছুর মধ্যেও নজর কেড়েছে বৈভবের জার্সি। সাধারণত '৩' নম্বর জার্সি পরে খেলে ১৫ বছর বয়সি ক্রিকেটার। তবে দলীপে পছন্দের জার্সি পায়নি। তাতে কী! টেপ মেরেই নিজের প্রিয় নম্বর বানিয়ে ফেলল বৈভব।
টি-টোয়েন্টিতে ইতিমধ্যেই বিস্ময় জাগিয়েছে বৈভবের ব্যাট। দলীপে কেমন খেলে, সেদিকে নজর ছিল। পূর্বাঞ্চলের সহ-অধিনায়কত্ব ছিল তাঁর কাঁধে। তবে ৬ বলে ৮ রান করে আউট হয় বৈভব। আউট হয়ে যখন ফিরে যাচ্ছে, তখন তার জার্সি নম্বর দেখা যায়। পিঠে সম্ভবত '১৩' নম্বর ছিল। যার '১' সংখ্যাটি টেপ দিয়ে নিজেই ঢেকে দিয়েছে। ফলে জার্সি নম্বর হয়ে গিয়েছে '৩'।
এমনিতেও অনেকে '১৩' সংখ্যাটিকে 'অশুভ' বলে মনে করেন। আবার বৈভবের জন্য '৩' সংখ্যা খুব শুভ। রাজস্থান রয়্যালসে '৩' নম্বর জার্সি পরে খেলে। এই নম্বরের জার্সিতেই ভারতীয় দলে অভিষেক হয়েছিল। মাঝে ১৮ নম্বরও পরেছে। কেন '৩' নম্বর জার্সি পরে বৈভব? নিজেই কারণ জানিয়েছিল, "১ ও ২ মিলে ৩ নয়। আমার মা বলেছিল ১২ নম্বর জার্সি পরার কোনও মানে নেই। তার থেকে সরাসরি ৩ নম্বর জার্সি পরো।"
তবে জার্সিতে টেপ মেরেও প্রথম ইনিংসে লাভ হল না। শুরুটা ভালোই করেছিল। বিশ্বজিৎ কোনথৌজামের দু’বলে দু’টি চার হাঁকায়। তারপর একটি বল আচমকা বাউন্স করে বৈভবের শরীরের দিকে এগিয়ে আসে। সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে, এরকম বলে সমস্যায় পড়ছে ১৫ বছর বয়সি ব্যাটার। এবারও তাই হল। ব্যাটে খোঁচা লেগে বল সোজা জমা পড়ে গালির ফিল্ডারের হাতে।
