shono
Advertisement
Auqib Nabi

শ্রীলঙ্কায় জেতা ম্যাচ হাতছাড়া! তড়িঘড়ি ভারতীয় পেসারকে কাউন্টি খেলতে পাঠাচ্ছে বোর্ড, কেন?

পেস সহায়ক উইকেটে সফল হতে এক জোরে বোলারকে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে পাঠানোর উদ্যোগ নিয়েছে বিসিসিআই।
Published By: Prasenjit DuttaPosted: 11:10 AM Aug 29, 2026Updated: 03:23 PM Aug 29, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্ট ড্র। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ দুর্গম করে ফেলেছে টিম ইন্ডিয়া। সামনে নিউজিল্যান্ড সফর। সেখানে টেস্ট সিরিজে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজমেন্ট। পেস সহায়ক উইকেটে সফল হতে এক জোরে বোলারকে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে পাঠানোর উদ্যোগ নিয়েছে বিসিসিআই (BCCI)।

Advertisement

তিনি আকিব নবি (Auqib Nabi)। গত রনজি ট্রফিতে ৬০টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু'টি টেস্টেই অবশ্য জায়গা হয়নি আকিবের। খেলেননি গুরনুর ব্রারও। শ্রীলঙ্কা সফরের পরে মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, দলীপ ট্রফির জন্য উত্তরাঞ্চল দলে যোগ দিচ্ছেন গুরনুর। এই পরিস্থিতিতে বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থা পিআইটিকে বলেছে, "এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। গুরনুর খেলবে দলীপ ট্রফিতে। ইতিমধ্যেই অর্শদীপ সিং ও অংশুল কম্বোজ রয়েছে দলে। সুনীল কুমারের জায়গায় খেলবে গুরনুর। তাই বোর্ড চাইছে আকিব যাতে ইংল্যান্ডে অন্তত দু-তিনটি লাল বলের ম্যাচ পায়। তাতে ওর অভিজ্ঞতা বাড়বে।"

জানা গিয়েছে, ইংল্যান্ডের কাউন্টি দল সারে একজন সুইং বোলার খুঁজছে। তাই আকিবের সারের হয়ে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। সারের কর্তা ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার আলেক্স স্টুয়ার্ট বোর্ডের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন বলে খবর। নিউজিল্যান্ডের পরিবেশ ইংল্যান্ডের থেকে আলাদা হলেও আকিবকে ভবিষ্যতের পরিকল্পনায় রাখছে ভারত। বোর্ডের ওই সূত্রের কথায়, "নিউজিল্যান্ডে পরিবেশ একটু আলাদা হবে। তবে আকিব দলের ভাবনায় থাকবে। গুরনুর দলীপে খেলার সময়ে আকিবও যদি কাউন্টিতে খেলার সুযোগ পায়, তাহলে ম্যাচের মধ্যেই থাকবে।"

আকিবের ইংল্যান্ড যাওয়ার পথে এখন প্রধান বাধা ভিসা। বোর্ড ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করেছে। দেশে ফিরেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিতে পারেন এই পেসার। লক্ষ্য একটাই, কাউন্টির পেস সহায়ক পরিবেশে লাল বলের ক্রিকেট খেলে নিজেকে আরও তৈরি করে নেওয়া। ভারতীয় ক্রিকেটারদের কাউন্টি খেলার প্রবণতাও এখন বাড়ছে। ইতিমধ্যেই মানব সুথার ওয়ারউইকশায়ারের হয়ে দু'টি ম্যাচ খেলেছেন। কুলদীপ যাদব ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। ইয়র্কশায়ারের হয়ে খেলবেন তিনি। আশুতোষ শর্মা মিডলসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ খেলেছেন। গ্লুস্টারশায়ারের হয়ে খেলছেন সাই কিশোর। নিউজিল্যান্ড সিরিজের আগে তাই পেস আক্রমণকে আরও ধারালো করে তোলার চেষ্টায় ভারত। আর সেই পরিকল্পনায় আকিব নবিকে পাঠানো হচ্ছে ইংল্যান্ডে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement