shono
Advertisement
Vaibhav Sooryavanshi

চলতি বছরেই ভারতীয় জার্সিতে বৈভব! জমা পড়ল ৩০ জনের প্রাথমিক দল, কবে হতে পারে অভিষেক?

আইপিএলের পর জাতীয় দলে বৈভবকে রাখা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন নির্বাচকরা। ইতিমধ্যেই সম্ভাব্য ৩০ জনকে নিয়ে একটি দল গঠন করা হয়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 06:23 PM May 30, 2026Updated: 06:46 PM May 30, 2026

আইপিএল অভিযান এবারের মতো শেষ। ব্যাট হাতে একের পর এক নজির গড়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এবার জাতীয় দলে খেলার স্বপ্নপূরণ হতে চলেছে তার! সূত্রের খবর, আইপিএলের পর জাতীয় দলে বৈভবকে রাখা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন নির্বাচকরা। ইতিমধ্যেই সম্ভাব্য ৩০ জনকে নিয়ে একটি দল গঠন করা হয়েছে। সেখানে রয়েছে ১৫ বছরের তরুণ তুর্কির নামও।

Advertisement

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। গতবারের এশিয়াড থেকে সোনা জিতে ফিরেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এবারও সেই সাফল্য ধরে রাখতে চায় মেন ইন ব্লু। সূত্রের খবর, আইপিএল শেষ হতেই সেই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বিসিসিআই। ইতিমধ্যেই অলিম্পিক অ্যাসোসিয়েশনের হাতে এশিয়ান গেমসের জন্য ৩০ জনের নাম তুলে দিয়েছে বোর্ড। সেই তালিকায় রয়েছে বৈভবের নাম। এই ৩০ জনের মধ্যে থেকে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে হবে তরুণ তুর্কিকে।

আসলে এশিয়ান গেমস চলাকালীনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলবে ভারত। মূলত সিনিয়র ক্রিকেটাররাই সে সিরিজে খেলবেন। সেকারণে এশিয়াডের দলে শুভমান গিলকে রাখা হয়নি। প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলকে হয়তো এশিয়াডে পাঠানো হবে না, তাঁরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন। জশপ্রীত বুমরাহকেও রাখা হয়েছে এই প্রাথমিক তালিকায়। তবে আগামী দিনে ভারতের টি-২০ পরিকল্পনা থেকে সূর্যকুমার যাদবকে সম্ভবত পুরোপুরি ছেঁটে ফেলা হবে। এশিয়াডের প্রাথমিক দলেও নেই তিনি।

এশিয়াডের এই প্রাথমিক দলে বহু ক্রিকেটার এমন আছেন যাঁরা ভারতের জার্সিতে নিয়মিত ওয়ানডে অথবা টি-২০ খেলেন। শেষ পর্যন্ত কাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলানো হবে এবং কাদের এশিয়াডে পাঠানো হবে, এখনও স্পষ্ট নয়। তবে বৈভবকে সম্ভবত রাখা হবে এশিয়াডের চূড়ান্ত স্কোয়াডে। জাতীয় দলে জার্সিতে খেলার স্বপ্ন চলতি বছরেই পূরণ হতে পারে বিহারের বিস্ময় কিশোরের। তবে তাঁর ফিল্ডিং নিয়ে যথেষ্ট সমালোচনার জায়গা রয়েছে। সেটাতেই আটকে যেতে পারে তাঁর আন্তর্জাতিক অভিষেকের স্বপ্ন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement