shono
Advertisement
West Bengal Assembly Election

বিধানসভা ভোটে বড় চমক, বাংলার তারকা পেসারকে প্রার্থী করছে তৃণমূল

প্রাক্তন পেসার লড়বেন নিজের জন্মভূমি তুফানগঞ্জ থেকে। তৃণমূলে যোগ দিয়ে বাংলার প্রাক্তন পেসার বলেন, "আমি মাঠের মানুষ তাই একটাই কথা বলতে চাই, খেলা হবে।"
Published By: Anwesha AdhikaryPosted: 11:16 AM Mar 17, 2026Updated: 12:57 PM Mar 17, 2026

বিধানসভা ভোটে (West Bengal Assembly Election) আবারও বড়সড় চমক দিচ্ছে তৃণমূল (TMC)। বাংলার হয়ে দীর্ঘদিন খেলা শিবশংকর পালকে (Shib Shankar Paul) এবার টিকিট দিচ্ছে ঘাসফুল শিবির। জানা গিয়েছে, প্রাক্তন পেসার লড়বেন নিজের জন্মভূমি তুফানগঞ্জ থেকে। মঙ্গলবার তিনি তৃণমূলে যোগ দেন। উল্লেখ্য, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি বোলিং কোচ হিসাবে বাংলা দলের সঙ্গে যুক্ত রয়েছেন। সদ্যসমাপ্ত রনজি ট্রফিতে তিনি কোচিং করিয়েছেন মহম্মদ শামি-আকাশ দীপদের। 

Advertisement

মঙ্গলবারই বাংলার ২৯৪টি আসনে প্রার্থী দিতে চলেছে তৃণমূল। দুপুর তিনটে নাগাদ প্রকাশিত হবে প্রার্থী তালিকা। তার আগে মঙ্গলবার সকালে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, বাংলার হয়ে দাপুটে পারফরম্যান্স করা পেসার যোগ দিচ্ছেন তৃণমূলে। বাংলার ক্রীড়ামহলে 'ম্যাকো' নামে পরিচিত শিবশংকরের হাতে এদিন তৃণমূলের পতাকা তুলে দেন বাংলার অর্থমন্ত্রী। সূত্রের খবর, জন্মস্থান তুফানগঞ্জ থেকে প্রাক্তন পেসারকে প্রার্থী করবে তৃণমূল। উল্লেখ্য, ২০২১ সালে তুফানগঞ্জ কেন্দ্রে জিততে পারেননি তৃণমূল প্রার্থী। এবার সেখানে লড়বেন শিবশংকর। 

তৃণমূলে যোগ দিয়ে বাংলার প্রাক্তন পেসার বলেন, " আমি মাঠের মানুষ। সারাজীবন আমি বাংলার হয়েই মাঠে নেমেছি। আজ দেখছি দেশের নানা প্রান্তে বাংলা বলার জন্য হেনস্তার শিকার হচ্ছেন।" প্রাক্তন ক্রিকেটারের মতে, তৃণমূল এই বাঙালি হেনস্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সেকারণেই তিনি যোগ দিতে চান ঘাসফুল শিবিরে। শিবশংকর বলেন, "আমি মাঠের মানুষ তাই একটাই কথা বলতে চাই, খেলা হবে।" উল্লেখ্য, ২০১৬ সালে ক্রিকেটকে বিদায় জানান শিবশংকর। বর্তমানে বাঘাযতীনে রয়েছে তাঁর ক্রিকেট অ্যাকাডেমি। বাংলা দলের বোলিং কোচ হিসাবেও কাজ করছেন।

বাংলার হয়ে দীর্ঘদিন খেলেছেন শিবশংকর। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২০টি উইকেট রয়েছে তাঁর। ইন্ডিয়া এ দলেও নিয়মিত দেখা গিয়েছে তাঁকে। ২০০৪-০৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের স্কোয়াডেও ডাক পেয়েছিলেন। কিন্তু ভারতের হয়ে মাঠে নামা হয়নি। শিবশংকরের পাশাপাশি মঙ্গলবার তৃণমূলে যোগ দিয়েছেন বিশিষ্ট, পরিচিত মুখ ডা. তনুশ্রী হাঁসদা। আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব আবদুল মতিনও যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। এই দু'জন প্রার্থী হবেন কিনা, এখনও জানা যায়নি।

তৃণমূলে যোগ দিলেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব। ছবি: সংগৃহীত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement