ঘোষিত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women's T20 World Cup) সূচি। ওয়ানডের পর ফের বিশ্বজয়ের লক্ষ্যে নামবেন স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌররা। ১২ দলের এই বিশ্বকাপ শুরু হবে ১২ জুন। এজবাস্টনে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা। তবে আবারও একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, কবে সেই মহারণ?
মঙ্গলবার আইসিসি'র পক্ষ থেকে এই সূচি ঘোষিত হয়েছে। বিশ্বকাপে অংশ নেওয়া ১২ দলকে দু'টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ১-এ রয়েছে স্মৃতিদের গ্রুপে রয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস। গ্রুপ ২-এ আয়োজক ইংল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড। এবার আসা যাক ভারত-পাকিস্তান দ্বৈরথের কথায়। ১৪ জুন এজবাস্টনে রয়েছে বহুপ্রতীক্ষিত সেই ম্যাচ। যা শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টায়।
এরপর উইমেন্স ইন ব্লুরা ১৭ জুন মুখোমুখি হবে প্রথমবারের মতো মহিলাদের ক্রিকেটে অংশ নিতে চলা নেদারল্যান্ডসের। ম্যাচটি হবে হেডিংলিতে। ২১, ২৫ এবং ২৮ জুন হরমনপ্রীতদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ ম্যাচ রয়েছে ওল্ড ট্রাফোর্ডে। অজি বাহিনীর সঙ্গে ম্যাচটি রয়েছে ঐতিহ্যবাহী লর্ডসে। সমস্ত ম্যাচ ভারতীয় সময় সন্ধে ৭টায়।
বিশ্বকাপের গ্রুপ বিন্যাস
গ্রুপ ১: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস।
গ্রুপ ২: ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড।
মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের সূচি
১৪ জুন ভারত বনাম পাকিস্তান (এজবাস্টন)
১৭ জুন ভারত বনাম নেদারল্যান্ডস (হেডিংলি)
২১ জুন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (ওল্ড ট্রাফোর্ড)
২৫ জুন ভারত বনাম বাংলাদেশ (ওল্ড ট্রাফোর্ড)
২৮ জুন ভারত বনাম অস্ট্রেলিয়া (লর্ডস)
(সমস্ত ম্যাচ ভারতীয় সময় সন্ধে ৭টায়)
দু'টি সেমিফাইনাল রয়েছে ৩০ জুন এবং ২ জুলাই। প্রথম সেমি কিংসটন ওভালে সন্ধে ৭টায়। দ্বিতীয় সেমির ভেন্যু এক। তবে খেলা শুরু ভারতীয় সময় রাত ১১টায়। ফাইনাল ৫ জুলাই, লর্ডসে, সন্ধে ৭টায়।
