shono
Advertisement
India Independence

স্বাধীনতার ৭৯ বছর পার! দেশের গণতন্ত্র পরিণত হলেও এখনও রয়েছে বহু চ্যালেঞ্জ

৮০ বছরে দাঁড়িয়ে থাকা গণতন্ত্র অবশ্যই অনেক পরিণত। 'জেন জি' বিক্ষোভে আমাদের প্রতিবেশী যে দেশগুলির রাষ্ট্রক্ষমতায় বড়সড় পরিবর্তন ঘটে গিয়েছে তাদের কারও ক্ষেত্রেই গণতন্ত্র ৮০-তে পৌঁছয়নি।
Published By: Subhodeep MullickPosted: 04:16 PM Aug 15, 2026Updated: 04:16 PM Aug 15, 2026

৮০ বছরে দাঁড়িয়ে থাকা ভারতের গণতন্ত্র অবশ্যই পরিণত। তবু শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান-কোনও কিছুই এত বছরে সুনিশ্চিত করা যায়নি।

Advertisement

স্বাধীনতা এমন সময় ৮০-তে পা রাখল যখন দেশজুড়ে 'জেন জি'-'জেন আলফা' সম্প্রদায়ের মধ্যে এক তুমুল জাগরণ শুরু হয়েছে। কখনও কখনও মনে হচ্ছে যে, বেকারত্ব, দুর্নীতি, আর্থিক বৈষম্য ইত্যাদির বিরুদ্ধে এক প্রবল ক্ষোভ বিস্ফোরণের দ্বারপ্রান্তে যেন এসে দাঁড়িয়েছে। আমাদের প্রতিবেশী দেশগুলিতেও অল্প সময়ের ব্যবধানে একাধিক একই ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে। প্রতিটি গণবিক্ষোভেই সংশ্লিষ্ট দেশের 'জেন জি' প্রজন্ম থেকেছে বড় ভূমিকায়। দিল্লির যন্তর মন্তর ও সদ্য ঝাড়খণ্ডের 'জেন জি' বিক্ষোভের পর ভারতে কিছুটা আলোড়ন তৈরি হয়েছে।

৮০ বছরে দাঁড়িয়ে থাকা গণতন্ত্র অবশ্যই অনেক পরিণত। 'জেন জি' বিক্ষোভে আমাদের প্রতিবেশী যে দেশগুলির রাষ্ট্রক্ষমতায় বড়সড় পরিবর্তন ঘটে গিয়েছে তাদের কারও ক্ষেত্রেই গণতন্ত্র ৮০-তে পৌঁছয়নি। ফলে 'জেন জি' বিক্ষোভযদি ব্যাপক হারে ছড়িয়ে পড়ে তা হলেও ভারতের হাল প্রতিবেশী গণতন্ত্রগুলির মতো হবে না বলেই ধরে নেওয়া যায়। কিন্তু 'জেন জি'-র দাবিদাওয়া কোনওভাবে উপেক্ষা করার ঝুঁকি যে রাষ্ট্র নিতে রাজি নয় তা সম্প্রতি প্রত্যক্ষ করা গিয়েছে। সে-কারণেই শিক্ষামন্ত্রীকে দ্রুত পদত্যাগ করতে হয়েছে। স্বাধীনতার এত বছর পর বেকারত্বের প্রতিবাদে বা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার দাবিতে 'জেন জি'-কে কেন পথে নামতে হবে, সেই প্রশ্ন ওঠাও অনিবার্য। উঠছেও। শুধু পরিণত গণতন্ত্র নিয়ে বড়াই করে লাভ নেই। এত কালের স্বাধীনতা কাঙিক্ষত ফল দিতে পারল কি না, তা দেখাও জরুরি।

স্থিতিশীল গণতন্ত্র ছাড়াও ৮০ বছরে যে দেশ সবক্ষেত্রে এগিয়েছে, তা নিয়ে বিতর্ক করার অবকাশ নেই। তবুও এ-বছর প্রত্যাশা অনেক বেশি। দেশে বেকারত্ব এক ভয়াবহ জায়গায়। আর্থিক উন্নতি অনেকটা তৈলাক্ত বাঁশে বাঁদরের মতো। কখনও দ্রুত আর্থিক প্রগতি ঘটছে, আবার কখনও সবকিছু ঝিমিয়ে পড়ছে। বেশ কয়েক বছর ধরে আর্থিক বৈষম্য ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। শিক্ষাব্যবস্থা ভয়ানক চ্যালেঞ্জের মুখে। এ বছরের স্বাধীনতা এসব চ্যালেঞ্জকে কীভাবে মোকাবিলা করবে, প্রশ্ন সেই জায়গায়।

সরকারি স্লোগান: স্বাধীনতার শতবর্ষে দেশ 'বিকশিত' হবে। উন্নয়নে দেশ প্রথম বিশ্বের সমকক্ষ হবে। দেশ দারিদ্রমুক্ত হবে। দেশের সমস্ত নাগরিকের হাতে কাজ থাকবে। প্রত্যেকের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সুনিশ্চিত হবে। কিন্তু শুধু স্লোগানেই সীমাবদ্ধ থাকলে হবে না। সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পাকা বাড়ি, বিশুদ্ধ পানীয় জল ইত্যাদি কোনও কিছুই এত বছরে সুনিশ্চিত করা যায়নি।

মাত্র ২০ বছর দূরে দাঁড়িয়ে থাকা 'বিকশিত ভারত' এই লক্ষ্যগুলিকে যে অর্জন করা যাবে, সেই গ্যারান্টি কে দেবে? ৮০ বছরে দাঁড়িয়ে এর জবাব খুঁজে নেওয়াই দেশের নাগরিকদের সবচেয়ে বড় দায়িত্ব। 'জেন জি' হয়তো সেই উত্তরই খুঁজছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement