shono
Advertisement
Arijit Singh

বিধানসভা ভোটের আগে সত্যিই বিজেপিতে যোগ দিচ্ছেন অরিজিৎ সিং? নিজেই খোলসা করলেন গায়ক

যদিও এই বিষয়ে এযাবৎকাল 'স্পিকটি নট'ই ছিলেন শিল্পী, তবে এবার সংশ্লিষ্ট ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন গায়ক। কী জানালেন অরিজিৎ সিং?
Published By: Sandipta BhanjaPosted: 05:16 PM Feb 09, 2026Updated: 05:34 PM Feb 09, 2026

'হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে...', কবীর সুমনের গানের কথা কি এবার অরিজিৎ সিংয়ের (Arijit Singh) জীবনে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হতে চলেছে? প্লেব্যাক দুনিয়া থেকে বাণপ্রস্থ ঘোষণার পরই কানাঘুষো শোনা যায়, এবার নাকি গিটারের পাশাপাশি রাজনৈতিক ঝান্ডা উঠতে চলেছে প্লেব্যাক সম্রাটের হাতে! সেই সূত্রেই প্রশ্ন ওঠে, তাহলে কি এবার থেকে সুরেলা কণ্ঠে আমজনতার হয়ে দেশের হালহকিকত নিয়ে সওয়াল করবেন অরিজিৎ? এহেন কৌতূহলের মাঝেই চাউড় হয়ে যায়, বাংলার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নাকি গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন গায়ক! যাবতীয় জল্পনা নিয়ে এবার নিজেই মুখ খুললেন অরিজিৎ সিং।

Advertisement

কেরিয়ারের উচ্চমার্গে থাকা 'প্লেব্যাক সম্রাটে'র আকস্মিক স্বেচ্ছাবসর নিয়ে এই মুহূর্তে নানান ত্বত্ত্ব চাউড় হয়েছে। এমন আবহেই সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি নিয়ে তোলপাড় হয় বিনোদুনিয়া। যেখানে দাবি করা হয়, অরিজিৎ সিং নাকি এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন। তবে বিদ্যমান কোনও রাজনৈতিক দলে নাম লেখাচ্ছেন না। বরং গায়ক নাকি নিজস্ব রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু করেছেন। এমনকী ওই প্রতিবেদনে স্পষ্ট করে এও বলা হয় যে, রাজনৈতিক দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ কারণেই মুখে কুলুপ এঁটেছেন অরিজিৎ সিং। গায়কের ঘনিষ্ঠমহল থেকেই নাকি এমন খবর ফাঁস করা হয় সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের কাছে। সেখান থেকেই অরিজিৎ সিংয়ের বিজেপিতে যোগদানের জল্পনার সূত্রপাত। তবে গুঞ্জনের 'রথ' এখানেই থামেনি! বরং এও শোনা গিয়েছে যে, আগামিতে তিনি ভোটেও লড়তে পারেন। সামনেই বাংলার বিধানসভা ভোট। দুয়ে দুয়ে চার করে গুঞ্জনের দাবানলে শোরগোল পড়ে যায় মুম্বইয়ের সেলেব পাড়াতেও। যদিও এই বিষয়ে এযাবৎকাল 'স্পিকটি নট'ই ছিলেন শিল্পী, তবে এবার নিজস্ব এক্স হ্যান্ডেলে সংশ্লিষ্ট ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন গায়ক।

অরিজিৎ সিং, ছবি- সোসাল মিডিয়া

জনৈক ভক্ত কৌতূহলবশত অরিজিৎ সিংয়ের উদ্দেশে প্রশ্ন ছুড়েছিলেন, দাদা আপনি কি সত্যিই রাজনীতিতে যোগ দিচ্ছেন? উত্তরে অরিজিৎ দু'-দুটো পোস্ট করেন। যেখানে উল্লেখ, "লোকের কাজই শুধু খবর তৈরি করা, ব্যস! আরে না রে বাবা, লোক যা ইচ্ছে তাই বলে যাচ্ছে...।" যদিও গায়কের এক্স হ্যান্ডেল এখনও পর্যন্ত 'ভেরিফায়েড' নয়, তবে এহেন মন্তব্যের স্ক্রিনশট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। অতঃপর রাজনীতি নিয়ে যে এখনই কিছু ভাবছেন না, সেটা স্পষ্ট করে দিলেন অরিজিৎ সিং। তবে ভবিষ্যতে ভোটের মাঠে তাঁকে দেখা যাবে কিনা? সেই উত্তর সময়ের গর্ভেই লুকিয়ে আপাতত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement