সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির সময় যত এগিয়ে আসছে, ততই যেন বিপদ বাড়ছে ‘পদ্মাবতী’র। সঞ্জয় লীলা বনশালির ছবির ভাগ্য যেন ট্রাপিজের তারে ঝুলছে। এই আশার আলো তো এই অন্ধকার। নির্বাচন কমিশনের বিধানে স্বস্তি ফিরল তো ফের কর্ণি সেনার প্রতিবাদ। আর এবার ছবিমুক্তির জন্য সুরক্ষার দাবি করে বসল রাজস্থানের হল মালিকরা।
[ ফ্যান্টাসির দরজা খুলে দিতে রঙিন দুপুরে ফের আসছে উমা বউদি ]
সামনেই গুজরাট নির্বাচন। তার আগে ছবি মুক্তিতে স্থগিতাদেশ চেয়েছিল বিজেপি। সেন্সর বোর্ড ও নির্বাচন কমিশনের কাছে এই মর্মে আবেদনও করেছিল তারা। পরোক্ষে হলেও তাতে সায় ছিল কংগ্রেসের। কিন্তু শেষমেশ নির্বাচন কমিশন এ দাবি নাকচ করেছে। জানিয়েছে, ছবি মুক্তির সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। যদিও ক্ষত্রিয় সম্প্রদায়ের ভাবাবেগকে রক্ষা করাই ছিল বিজেপির উদ্দেশ্য। এর পরেও অবশ্য বিপদ কমেনি। কর্ণি সেনা, যারা পদ্মাবতীর সেটে ভাঙচুর চালিয়েছিল, সেই সংগঠনের সদস্যরা নতুন করে প্রতিবাদ শুরু করে। এই পরিস্থিতিতে ছবি চালানোয় সিঁদুরে মেঘ দেখছেন রাজস্থানের হল মালিকরা। তাঁদের দাবি, ছবি মুক্তিতে তাঁদের কোনও আপত্তি নেই। কিন্তু হল বাঁচাতে তাঁদের ঠিকঠাক সুরক্ষা দেওয়া হোক।
[ যৌন হেনস্তার শিকার হলে চুপ করে থাকবেন না, পরামর্শ বিদ্যার ]
রানি পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজির সঙ্গে প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে ছবিতে। এই অভিযোগেই ক্ষিপ্ত হয়েছে কর্ণি সেনার মতো দক্ষিণপন্থী সংগঠনগুলি। কিন্তু পরিচালক বারবার করে জানিয়েছেন, এরকম কোনও প্রসঙ্গই ছবিতে নেই। যদিও আশ্বাসের পরও ক্ষোভ মেটেনি। এই পরিস্থিতিতে ছবিমুক্তি নিয়ে বারবার জটিলতা তৈরি হচ্ছে। এবার বেঁকে বসেছেন হল মালিকরাও। ভাঙচুরের আশঙ্কায় তাঁরা সুরক্ষা দাবি করছেন। কিন্তু প্রশাসনের পক্ষে প্রত্যেক হলকে সুরক্ষা দেওয়া আদৌ সম্ভব কিনা, তা বড় প্রশ্নের বিষয়। সেক্ষেত্রে ছবিমুক্তি পেলেও অধিকাংশ হলই বাদ যাবে। এই ঘনঘটা নিয়েই ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে পদ্মাবতী।
The post খড়্গহস্ত কর্ণি সেনা, ‘পদ্মাবতী’র মুক্তিতে নিরাপত্তার দাবি হল মালিকদের appeared first on Sangbad Pratidin.
