shono
Advertisement
Sourav Ganguly

'সুশান্তকে কি ধোনির মতো দেখতে?', রাজকুমারের ‘মহারাজ’ লুক নিয়ে পালটা সৌরভের

টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা রাজকুমার রাও। তাঁকে কতটা মানিয়েছে, তা নিয়ে এবার মুখ খুললেন খাস সৌরভ।
Published By: Prasenjit DuttaPosted: 06:18 PM Jul 05, 2026Updated: 08:23 PM Jul 05, 2026

মাসখানেক আগে শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্র ‘দাদা’র শুটিং। এই ছবি নিয়ে অত্যুৎসাহী প্রতিটি বাঙালি। খাস কলকাতায় হয়েছে সিনেমার শুটিং। আর টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা রাজকুমার রাও। তাঁকে কতটা মানিয়েছে, তা নিয়ে এবার মুখ খুললেন খাস সৌরভ (Sourav Ganguly)।

Advertisement

রাজকুমারকে ‘মহারাজ’ লুকে কেমন লাগছে, তা দেখার আগ্রহ ছিল তুঙ্গে। সেই লুক গোপন রাখার জন্য প্রোডাকশন টিম সর্বোচ্চ চেষ্টা চালায়। প্রতিটি শটের পর রাজকুমার রাও বড় ছাতার আড়ালে মুখ ঢেকে ভ্যানিটি ভ্যানে ফিরছিলেন এক শুটিংয়ে। তবে সোশাল মিডিয়ার যুগে কিছুই আর গোপন থাকে না। এরিয়ান মাঠে শুটিং চলাকালীন রাজকুমারের কয়েকটি ছবি ক্যামেরাবন্দি হয়। ভ্যানিটি ভ্যান থেকে ক্লাবে ঢোকার পথে এক ঝলক দেখা যায় তাঁর মুখ। আর সেই মুহূর্তই দ্রুত ভাইরাল হয়ে পড়ে। সৌরভের লুকে তাঁকে দেখে একেবারে উচ্ছ্বসিত নেটিজেনরা। যদিও কেউ আবার বেসুরো। অনেকেই আবার বলছেন, সৌরভের মুখের আদলের সঙ্গে রাজকুমারের মুখ মিলছে না। যা নিয়ে মন্তব্য করেছেন সৌরভ।

শুটিংয়ের ফাঁকে রাজকুমার। ছবি অপ্রতিম পাল।

সম্প্রতি এক পডকাস্টে এ প্রসঙ্গে তিনি বলেন, “রাজকুমার দারুণ অভিনেতা। কিন্তু এক দেখতে লোক তো আর পাওয়া যাবে না। ও অভিনয় করছে। আমরা সিনেমায় ওর অভিনয় দেখব। মনে রাখতে হবে, আমরা কিন্তু সিনেমায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিনয় দেখতে যাব না। আমার জীবনকে সিনেমায় অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এখানেই মানুষ ভুল করে ফেলে যে, একই দেখতে হবে! কোত্থেকে হবে? সুশান্ত সিং রাজপুতকে কি এমএস ধোনির মতো দেখতে? কিন্তু ধোনির চরিত্রে ও চমৎকার কাজ করেছে। একই উদাহরণ খাটে রণবীর কাপুরের ক্ষেত্রেও। ওকেও কি সঞ্জয় দত্তর মতো দেখতে?” উল্লেখ্য, শুটিংয়ে একেবারে ক্রিকেটারের আদলে শট দিচ্ছিলেন ‘নিউটন’ ও ‘সিটিলাইটস’-খ্যাত অভিনেতা রাজকুমার। সৌরভ জানিয়েছেন, তিনি মাঝেমাঝেই শুটিংয়ে উপস্থিত ছিলেন। অভিনেতাকে ব্যাটিং স্ট্যান্সও বুঝিয়ে দিয়েছেন। 

লাভরঞ্জন প্রযোজিত তথা বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘দাদা’। আপামর ক্রীড়াপ্রেমীদের কাছে ‘দাদা’র সমার্থক যে সৌরভ গঙ্গোপাধ্যায়, তা বললেও অত্যুক্তি হয় না। সেই প্রেক্ষিতেই সম্ভবত বায়োপিকের এহেন নামকরণ। মাসখানেক বেহালার বাড়িতে শুরু হয়েছিল সৌরভের জীবনীচিত্রর শুটিং। সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে শুটিং করছেন অপরাজিতা আঢ্য। তাছাড়া ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন তানিয়া মানিকতল্লা। সৌরভ জানালেন, রূপোলি পর্দার ডোনাকে পছন্দ হয়েছে বাস্তবের ডোনা গঙ্গোপাধ্যায়েরও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement