তিনি ভারতীয় চলচ্চিত্রের অবিসংবাদী নাম। আজও 'উমরাও জান'-এর মতো ছবি ঘিরে মানুষের উদ্দীপনা রয়েছে। আরও অসংখ্য ছবিতে নিজের দক্ষতা প্রমাণ করে আজ তিনি কিংবদন্তি। সেই রেখা (Rekha) এবার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন তথা আইএফএফএমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তুলবেন জাতীয় পতাকাও।
জানা গিয়েছে, ভারতীয় চলচ্চিত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে মর্যাদাপূর্ণ 'এক্সিলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড'-এ ভূষিত করা হবে। এছাড়া, উৎসবে কালজয়ী চলচ্চিত্র 'উমরাও জান'ও প্রদর্শিত হবে। যা নিয়ে উচ্ছ্বসিত বর্ষীয়ান নায়িকা। তিনি জানিয়েছেন, ''উমরাও জান' চরিত্রটি কখনওই আমাকে ছেড়ে যায়নি। সে আমার স্মৃতিতে, আমার নীরবতায় এবং সেই সব মানুষের হৃদয়ে বেঁচে আছে যাঁরা বছরের পর বছর ধরে তাকে অকৃত্রিম ভালোবাসায় আপন করে নিয়েছেন। সেই যাত্রাকে নতুন করে অনুভব করা এবং বিশ্বমঞ্চে এই চলচ্চিত্রটিকে উদযাপিত হতে দেখা— আমার জন্য অত্যন্ত আবেগঘন এক অভিজ্ঞতা।''
সেই সঙ্গেই তাঁকে বলতে শোনা গিয়েছে, ''চলচ্চিত্র আমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ। আর আইএফএফএমে 'এক্সিলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড' পাওয়াটা সত্যিই বিশেষ এক প্রাপ্তি। আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। এটা কেবল আমার নিজের যাত্রার স্বীকৃতিই নয়, বরং সেইসব চলচ্চিত্র নির্মাতা, লেখক, সঙ্গীতশিল্পী এবং অসংখ্য সহযোগীর প্রতিও শ্রদ্ধাঞ্জলি, যাঁরা আমার জীবনকে সমৃদ্ধ করেছেন এবং আমার কাজের ধারাকে গড়ে তুলেছেন।"
এদিকে মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক মিতু ভৌমিক ল্যাঞ্জ জানাচ্ছেন, "খুব কম শিল্পীই আছেন যাঁদের উপস্থিতি চলচ্চিত্রের গণ্ডি ছাড়িয়ে একটি জাতির সাংস্কৃতিক চেতনার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। রেখাজি তেমনই এক কালজয়ী আইকন। তাঁর অসাধারণ কর্মযজ্ঞ, তাঁর মার্জিত ব্যক্তিত্ব এবং দশকের পর দশক ধরে গড়ে তোলা অতুলনীয় ঐতিহ্য কেবল ভারতেই নয়, বরং বিশ্বজুড়ে দর্শকদের অনুপ্রাণিত করেছে।"
