shono
Advertisement
Bagda

বাংলাদেশের জলে ভাসছে চাষের জমি, ক্ষোভে তৃণমূলকে দুষছেন কৃষকরা, জানেন কেন?

বিজেপি নেতা দেবব্রত ঢালী বলেন, ''তৃণমূলের আমলে চুরি এমন পর্যায়ে পৌঁছেছিল যে আন্তর্জাতিক সীমান্ত দু'দেশের যেখানে নিরাপত্তার প্রশ্ন সেখানেও ছাড়েনি ৷''
Published By: Kousik SinhaPosted: 01:31 PM Jul 20, 2026Updated: 01:33 PM Jul 20, 2026

প্রতিবছর বাংলাদেশের নদী থেকে জল এসে ভারতের বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হত। যদিও বেশ কয়েকবছর আগে বাংলাদেশ থেকে জল আসা বন্ধ করতে বাগদার বয়রা সীমান্তে নদীর উপরে সুইস গেট তৈরি করেছিল বাগদা প্রশাসন। এবার সেই সুইস গেটের ভেতর থেকে কপোতাক্ষ নদীর জল ভারতে ঢুকে বিঘার পর বিঘা জমি প্লাবিত হয়ে চাষিদের ফসল নষ্ট হল। বাংলাদেশের জলে ফসল নষ্ট হওয়ায় একেবারে মাথায় হাত চাষীদের৷ শুধু তাই নয়, তৈরি হয়েছে ক্ষোভও। ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ, তৃণমূল জমানায় তৈরি এই সুইস গেট নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ঘটনায় তদন্তের দাবি জানিয়ে নতুন গেট নির্মাণের দাবি কৃষকদের।

Advertisement

পূর্বতন তৃণমূল সরকারকে তোপ দেগে ওই কৃষক বলেন, ''চুরি করে সবকিছু শেষ করে দিয়েছে ওরা। তাই আমাদের এমন অসুবিধায় পড়তে হয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ করব এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে।''

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে ভারতের সীমানায় রাজ্য সরকারের সহযোগিতায় বয়রা গ্রাম পঞ্চায়েতের সীমান্ত লাগোয়া বাগমারিতলা শ্মশান ঘাটের পাশে জিরো পয়েন্টের একটু দূরে কপোতাক্ষ নদীর জল বন্ধ করতে তৈরি করা হয় সুইস গেট ৷ প্রাথমিকভাবে প্রায় ১৩ লক্ষ টাকা খরচ করে তৈরি হয় ওই গেট৷ কৃষকদের কথায়, বয়রা এলাকার পাশ দিয়ে বাংলাদেশের মধ্যে কপোতাক্ষ নদী বয়ে গিয়েছে। ভারতের দিকে রয়েছে লক্ষীপুর। প্রতিবছর বর্ষার সময় নদীর জল ভারতে ঢুকে বয়রা অঞ্চলের লক্ষ্মীপুর মেহরানি সহ একাধিক এলাকার প্রায় ৫০০ থেকে ৭০০ বিঘা জমির ফসল নষ্ট হয়৷ যে কারণে কয়েক দশক ধরে স্থানীয় কৃষকদের দাবি ছিল কপোতাক্ষর নদীর জল আটকানোর।

স্থানীয় এক বাসিন্দা আমিরুল মন্ডল বলেন, কপোতাক্ষ জল এসে ক্ষেতের সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে গিয়েছে। কয়েক বিঘার পটল জলে ডুবে। এই পরিস্থিতিতে কীভাবে পরিস্থিতি সামাল দেবেন তা ভেবে পাচ্ছেন না আমিরুল। অন্যদিকে কৃষক নেতা সন্তোষ বিশ্বাস জানান, ''একেবারে নিম্নমানের সুইসগেট তৈরি করা হয়েছিল বিগত সরকারের আমলে। এর ফলে জল ঢুকে আমাদের সমস্ত ক্ষেত প্লাবিত হয়ে কয়েকশো বিঘা জমি জলের তলায়৷'' পূর্বতন তৃণমূল সরকারকে তোপ দেগে ওই কৃষক বলেন, ''চুরি করে সবকিছু শেষ করে দিয়েছে ওরা। তাই আমাদের এমন অসুবিধায় পড়তে হয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ করব এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে।'' একইসঙ্গে ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য প্রশাসন যাতে কোনও ব্যবস্থা নেয় সেই দাবিও জানিয়েছেন সন্তোষ বিশ্বাস। এই পরিস্থিতিতে বিজেপি নেতা দেবব্রত ঢালী বলেন, ''তৃণমূলের আমলে চুরি এমন পর্যায়ে পৌঁছেছিল যে আন্তর্জাতিক সীমান্ত দু'দেশের যেখানে নিরাপত্তার প্রশ্ন সেখানেও ছাড়েনি ৷ চুরি করলো ওরা তার খেসারত দিচ্ছে স্থানীয় চাষীরা৷ আমাদের মানবিক সরকার কৃষকদের জন্য অবশ্যই ব্যবস্থা করবে ৷ আমরা সরকারের কাছে নতুন করে সুইজগেট তৈরি করার দাবি জানাবো।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement