মুক্তো পরতে বেজায় ভালোবাসেন, কিন্তু মুক্তোর গয়না (Pearl Jewellery) পরতে গেলে বাকি সাজও যে সেইমতো হতে হবে। শিফন অথবা সিল্কের শাড়ি জড়াতে হবে গায়ে, খোঁপায় থাকবে জুঁইয়ের মালা। তবেই না খোলতাই হবে সম্পূর্ণ সাজ! মুক্তোর সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ঐতিহ্য। অর্থাৎ উচ্চমানের কোনও পার্টি অথবা অনুষ্ঠান বাড়িতেই কেবল তা পরা যাবে। বাকি সময় আলমারি বন্ধ হয়ে পড়ে থাকবে। রোজ তো এমন সাজার উপায় নেই। রোজের কর্মব্যস্ত জীবনের সঙ্গে পাল্লা দিয়ে ওয়্যারড্রোব জুড়ে কেবলমাত্র কুর্তি, জিনস-টপ, ড্রেস। এমন পোশাকের সঙ্গে মুক্তো পরা যায় কি?
ছিমছাম মুক্তোর গয়না রোজই পরা যেতে পারে কর্মক্ষেত্রে।
স্টাইলিস্টরা অবশ্য বলছেন, সম্ভব নিঃসন্দেহে। কেমন ধরনের পার্ল জুয়েলারি ব্যবহার করা হচ্ছে, আর কোন ধরনের পোশাকের সঙ্গে তা স্টাইল করা হচ্ছে, তার উপরেই নির্ভর করে সব। যেমন—
- ফ্লেয়ার্ড অথবা বয়ফ্রেন্ডস জিনসের সঙ্গে টপ হিসেবে বেছে নিন ধবধবে সাদা শার্ট। এর সঙ্গে পরাই যায় কেবলমাত্র একখানা হালকা সোনালি অ্যান্টি-টার্নিশ চেন, যার পেনডেন্ট হিসেবে থাকবে একটামাত্র মুক্তো। এতে সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে ছিমছাম নেকলাইনটি।
- অফিস পার্টি কিংবা মিটিঙয়ের জন্য যদি এমনই সাদা শার্টের সঙ্গে পেয়ার-আপ করেন কালো সিগারেট প্যান্ট আর কালো ব্লেজার, তবে তার সঙ্গেও দিব্যি মানিয়ে যাবে মুক্তো। পরা যায় হালকা চেন পেনডেন্ট হিসেবে। অথবা কেবলমাত্র এক জোড়া মুক্তোর দুল সাজিয়ে নিন কানে।
- কুর্তির সঙ্গে সিলভার অক্সিডাইজড দুলই পরেন সাধারণত। এইবার তার বদলে বেছে নেওয়া যেতে পারে মুক্তো বসানো হুপ ইয়াররিং। এতে একেবারেই বারবারি লাগবে না সাজ, বরং মার্জিত বলে মনে হবে প্রত্যক্ষদর্শীর।
- সোনালি, রুপোলী অথবা রোজ গোল্ড স্লিক অ্যান্টি-টার্নিশ ব্রেসলেটের সঙ্গে জুড়ে নিন মুক্তোর ব্রেসলেট। অথবা অ্যানালগ ঘড়িটির সঙ্গে পেয়ার-আপ করুন মুক্তো বসানো ব্রেসলেটটি।
মুক্তোর সঙ্গে বাকি সাজটুকু যেন সাযুজ্যপূর্ণ হয়, সে বিষয়ে সচেতন হতে হবে।
মুক্তোকে সাজের অঙ্গ করলে মাথায় রাখতে হবে কী কী?
- উচ্চ গুণমানের মুক্তোর দাম নেহাত কম নয়। তাই ব্যয় করতেই হলে ফ্রেশওয়াটার পার্ল বেছে নেওয়াই ভালো।
- মুক্তো ঝলমল করে না, রঙের ঝলকানি নেই তাতে। তাই মুক্তো পরতে হলে, বাকি সাজটুকু যেন তার সঙ্গে সাযুজ্যপূর্ণ হয়, সে বিষয়ে সচেতন হতে হবে।
- কৃত্রিমভাবে রাঙানো মুক্তোর চাইতে একেবারে প্রাকৃতিক সাদা বা ঘিয়ে রঙের মুক্তোই সবচাইতে অভিজাত দেখতে লাগে। বৈচিত্র চাইলে বরং চিরাচরিত গোল মুক্তোর বদলে বেছে নেওয়া যেতে পারে বারোক পার্ল, যার আঁকাবাঁকা অনন্য আকৃতিতে চোখ আটকাবেই।
