আজকের দিনে সি সেকশনের মাধ্যমে মা হন বহু মহিলা। দেখা যায় প্রসূতির পেটের উপর লম্বা ক্ষতচিহ্ন। শুধু অতটুকুই নয়, পেটের চামড়ার নিচে রয়েছে দীর্ঘ কষ্টের কাহিনি। কারণ, সাতটি স্তর ছিঁড়ে প্রাণের জন্ম দেন এক মহিলা।
প্রথম স্তর হল ত্বক। যা শরীরের সুরক্ষাবর্ম। দ্বিতীয় স্তরটি চর্বিযুক্ত সুরক্ষা বলয়। যার নাম সাবকিউটেনিয়াস ফ্যাট। তৃতীয় স্তরটি হল ফ্যাশিয়ার। যা মাংসপেশিকে আগলে রাখা শক্ত টিস্যুর জাল। চতুর্থ স্তরে পেটের মাংসপেশি। যা গর্ভস্থ সন্তানকে ধরে রাখতে সাহায্য করে। পঞ্চম স্তর পেরিটোনিয়াম হল রেশমের মতো মেমব্রেন। যষ্ঠ স্তর জরায়ু। যেখানে ভ্রূণ বেড়ে ওঠে। সপ্তম স্তরটি হল অ্যামনিওটিক থলি। তরলে ভরা থলি যেখানে ভেসে থাকে গর্ভস্থ সন্তান। এই সাতটি স্তরই গাউনের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরলেন মিস ওয়ার্ল্ড উগান্ডা মুহোজা ত্রিভিয়া এলস।
মিস উগান্ডার পরনে 'লেয়ার্স অফ লাইফ'
গাউনটির নাম 'লেয়ার্স অফ লাইফ'। লাল, গোলাপি, ক্রিম এবং স্কিন শেডে তৈরি গাউনটি। পোশাকটির প্রতি স্তরে বিশেষ ধরনের সুতো এবং লেয়ারিংয়ের কাজ। ওই গাউনটি তৈরি করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার কীশা আবদুল্লা। তিনি সদ্যই মা হয়েছেন। সি সেকশন হয়েছে তাঁর। একদিকে অস্ত্রোপচারের ফলে শারীরিক যন্ত্রণা। আবার আরেকদিকে সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন। সেই যন্ত্রণার গল্পই গাউনের মাধ্যমে তুলে ধরেছেন কীশা।
মিস উগান্ডার 'লেয়ার্স অফ লাইফ' গাউনে সি সেকশনের সাত স্তর
মিস উগান্ডার এই পোশাকটি স্বাভাবিকভাবেই নানা মহলে সাড়া ফেলেছে। আসলে এখানে ফ্যাশন শুধু সুতো কিংবা নকশার জাঁকজমক নয়। এই গাউনটি যেন বিপ্লবের চিহ্ন। শত শত মায়ের যন্ত্রণার চিহ্ন। ছোট্ট প্রাণকে ভূমিষ্ঠ করার সংগ্রামের চিহ্ন। এই গাউনটি মাতৃত্বের প্রতি বিশ্ববাসীর শ্রদ্ধাকে যেন এক লহমায় অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।
