কথায় বলে, 'আহত বাঘ বেশি বিপজ্জনক'। এই প্রবাদবাক্য যেন 'আওয়ারাপন ২' (Awarapan 2)-এর শিবম পণ্ডিত ওরফে ইমরান হাশমির ক্ষেত্রে অক্ষরে অক্ষরে প্রযোজ্য। প্রায় দু'দশক বাদে অন্ধকার জগতের রণক্ষেত্রে অবতরণ শিবমের। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল 'আওয়ারাপন'। মাঝে উনিশ বছর পেরলেও দর্শকমনে এই গ্যাংস্টার গাথা নিয়ে উন্মাদনায় যে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি, সেটা হলের গর্ভগৃহের উল্লাসই বলে দেয়। প্রথম দৃশ্যেই 'তো ফির আও' গানটিকে ধার করে গোরস্থানে শিবমের প্রবেশে দর্শক যেভাবে সিটি-হাততালিতে নস্ট্যালজিয়াকে উদযাপন করে, তা বিস্ময়ের! বিশেষ করে শুরুর কুড়ি মিনিট ফিরিয়ে নিয়ে যায় শিবম-আলিয়ার (ইমরান হাশমি, শ্রিয়া সরন) প্রেম-সরণিতে।
'আওয়ারাপন ২'-এর দৃশ্যে ইমরান হাশমি
বর্তমানে বলিউডের পর্দায় যেখানে দেশাত্মবোধ, গুপ্তচরবৃত্তি, ভারত-পাকিস্তানের শত্রুতার বাড়বাড়ন্ত, সেখানে ভিন্ন স্বাদ দেয় 'আওয়ারাপন ২'।
প্রায় দু'দশক বাদে মুক্তিপ্রাপ্ত সিক্যুয়েলের গল্প শুরু হয় প্রথম ছবির রেশ ধরে। বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে ফ্ল্যাশব্যাকে শ্রিয়া-ইমরানের প্রেম থেকে গ্যাংস্টার দৌড়াত্ম্য, সব উপকরণই মজুত রয়েছে 'আওয়ারাপন ২'-এর চিত্রনাট্যে। গল্পটা কীরকম? ভাগ্যের পরিহাসে প্রেমিকা আলিয়ার মৃত্যু ঘটলেও তার স্মৃতি আঁকড়েই উনিশ বসন্ত পার করেছে শিবম। অন্ধকারজগৎ, গ্যাংস্টারদের রেষারেষি, বারুদ-গোলাগুলি থেকে তার জীবন এখন শতহস্ত দূরে। এহেন শিবম আলিয়ার জন্মদিনে গোরস্থানে ফুল দিতে গিয়ে আচমকাই এক শিশুকন্যাকে উদ্ধার করে। যে অনাথ আশ্রমে সে বড় হয়েছে, সেখানেই সেই শিশুকে নিয়ে যায় সে। মৃত প্রেমিকা আলিয়ার নামেই তার নামকরণ করে। পরিবার বিচ্ছিন্ন, এক অনাথের কাছে জীবনের অর্থ বদলে যায় তখন, যখন সেই শিশুকন্যা শিবমকে আঁকড়ে ধরে। আর এখানেই গল্প মোড় নেয় অন্যদিকে। ভাগ্যচক্র শিবমকে আবারও ফিরিয়ে নিয়ে যায় সেই অন্ধকার গলিতে। মানবপাচার, মাদকচক্র থেকে মাফিয়া রাজত্বের প্রেক্ষাপটে পরিচালক নীতিন কক্করের 'আওয়ারাপন ২' যেন পুরনো সুরাকেই নতুন বোতলে পুরে পরিবেশন করল।
'আওয়ারাপন ২'-এর দৃশ্যে ইমরান হাশমি, শাবানা আজমি
বর্তমানে বলিউডের পর্দায় যেখানে দেশাত্মবোধ, গুপ্তচরবৃত্তি, ভারত-পাকিস্তানের শত্রুতার বাড়বাড়ন্ত, সেখানে ভিন্ন স্বাদ দেয় 'আওয়ারাপন ২'। গল্পের দ্বিতীয়ার্ধ ব্যাংককে। যেখানে মানবপাচার চক্র আটকাতে একাই একশো 'শিবম' ইমরান। দুই গ্যাংস্টারের মাদক ব্যবসার রেষারেষির আড়ালে চিত্রনাট্যের পরতে ট্যুইস্ট রেখেছেন পরিচালক নীতিন কক্কর। 'জারা' দিশা পাটানির সঙ্গে শিবমের হালকা রোম্যান্স মন্দ লাগে না। বলিউডের বর্তমান ট্রেন্ড বজায় রেখে রক্তারক্তি, মারকাটারি অ্যাকশনও রয়েছে। তবে এই সিনেমার সারপ্রাইজ এলিমেন্ট শাবানা আজমি। সত্তরোর্ধ্ব মাফিয়া ক্যুইন অবতারে স্ক্রিন প্রেজেন্সেই মুগ্ধ করেছেন তিনি। 'জোরাবর' চরিত্রে পুরান গাব্বির পারফরম্যান্সের কথা শেষপাতে উল্লেখ না করলেই নয়। রাজু সিংয়ের ব্র্যাকগ্রাউন্ড স্কোর কিছু দৃশ্যকে যেমন জীবন্ত করে তোলে, তেমনই জিৎ গঙ্গোপাধ্যায়, অমল মালিক, অখিল সচদেব, ওয়াসিফ আহমেদ, মিঠুনের সঙ্গীত পরিচালনায় গানগুলি শুনতে ভালো লাগে। আর ইমরান হাশমির সিনেমা মানেই উপরিপাওনা গান। এবারও নিরাশ হবেন না দর্শক। যারা পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমার ভক্ত, তাদের কাছে 'আওয়ারাপন ২' পয়সা উসুল বলে মনে হতে বাধ্য!
