shono
Advertisement
Crispy Pakodas at Home

কিছুতেই মুচমুচে হচ্ছে না পকোড়া? ৫ সহজ ধাপ মেনে করুন সমস্যার সমাধান

পকোড়ায় সঠিক মাত্রায় কুড়মুড়ে ভাব আনতে ব্যাটারে চালগুঁড়ি মেশাতে পারেন। সঠিক আঁচে ভাজা হলে চালগুঁড়ি দেওয়া পকোড়া সাধারণ বেসনের ব্যাটারে তৈরি পকোড়ার থেকে কয়েকগুণ বেশি উপাদেয় লাগে।
Published By: Utsa TarafdarPosted: 02:00 PM Aug 12, 2026Updated: 03:19 PM Aug 12, 2026

বর্ষায় মুচমুচে পকোড়া খেতে কে না ভালোবাসে? কামড় দিলেই বাইরের পরত ঝুরঝুর করে ভেঙে পড়বে, মুখে আসবে ভিতরের নরম পুর। কিন্তু আর্দ্র আবহাওয়ায় বেশিরভাগ সময়েই পকোড়া খাস্তা মুচমুচে হতে চায় না। কখনও নরম হয়ে যায়, কখনও আবার অতিরিক্ত তেল শুষে নেয়। কী করা যায় তবে? রয়েছে সহজ কিছু পদ্ধতি, যা মেনে চলতে পারলে বাইরের আবহাওয়ার তোয়াক্কা না করেই বাড়ির রান্নাঘরে তৈরি হবে সুস্বাদু কুড়মুড়ে পকোড়া (Tips For Crispy Pakoras )।

Advertisement

ব্যাটার অতিরিক্ত পাতলা হয়ে যাচ্ছে কি-না, খেয়াল রাখতে হবে সেদিকে।

১. ব্যাটার কি খুব পাতলা হয়ে যাচ্ছে?
সবচাইতে সাধারণ ভুলগুলির মধ্যে অন্যতম হল ব্যাটারে অতিরিক্ত জল ঢেলে ফেলা। ব্যাটার পাতলা হয়ে গেলে, তা মূল উপকরণ, অর্থাৎ সবজি, পনির, ডিম বা মাংসের গায়ে লেগে থাকতে চায় না। ফলে পকোড়া নরম ও তেলতেলে হয়ে যায়। ব্যাটার হওয়া উচিত এমন ঘনত্বের, তা অতিরিক্ত আঠালো নয়, তবে মূল উপাদানের গায়ে ভালোভাবে লেগে থাকার উপযোগী।

২. ব্যাটারে কী কী মেশাচ্ছেন, নজর দিন সেদিকেও
পকোড়ায় সঠিক মাত্রায় কুড়মুড়ে ভাব আনতে ব্যাটারে চালগুঁড়ি মেশাতে পারেন। সঠিক আঁচে ভাজা হলে চালগুঁড়ি দেওয়া পকোড়া সাধারণ বেসনের ব্যাটারে তৈরি পকোড়ার থেকে কয়েকগুণ বেশি উপাদেয় লাগে।

৩. সবজি সরাসরি ব্যাটারে দিয়ে দেন কি?
অনেকে সবজি কেটে ধুয়েই সরাসরি ব্যাটারে দিয়ে দেন। সবজিতে স্বাভাবিকভাবেই কিছুটা জল থাকে। এগুলো সরাসরি দিলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে ও পকোড়া নরম হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই সবজি ধোয়ার পর বাড়তি জল ঝরিয়ে নিতে পারলেই ভালো।

পিঁয়াজের পকোড়ার ক্ষেত্রে কাটা পিঁয়াজে সামান্য লবণ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। অতিরিক্ত জল বেরিয়ে গেলে তবেই পিঁয়াজ ব্যাটারে ফেলুন।

৪. তেল কতখানি গরম করেছেন?
তেল যথেষ্ট গরম না হলে পকোড়া বেশি তেল শুষে নেয়। আবার তেল অতিরিক্ত গরম হয়ে গেলে পকোড়া তাতে ছাড়ামাত্র বাইরের পরত পুড়ে যায়, অথচ ভিতরের অংশ রয়ে যায় কাঁচা।তাই তেল মাঝারি আঁচে রাখুন। প্রথমে অল্প ব্যাটার তেলে দিয়ে দেখুন। সেটি তেলে পড়ার পর সঙ্গে সঙ্গে হালকা শব্দ করে উপরে উঠে এলে, তেল উপযুক্ত তাপমাত্রায় রয়েছে। তবে খুব দ্রুত কালচে হয়ে গেলে তেল অতিরিক্ত গরম।

নজর রাখুন তেলের সঠিক তাপমাত্রার দিকে।

৫. একসঙ্গে কতগুলো পকোড়া ছাড়ছেন তেলে?
একসঙ্গে অনেক পকোড়া ভাজতে দিলে তেলের তাপমাত্রা দ্রুত কমে যায় এবং সমানভাবে ভাজা হয় না। পকোড়ার আকার অতিরিক্ত বড় হলেও ভিতরের অংশ কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে।

কঠিন নয়, সহজ কয়েকটি ধাপ একবার আয়ত্ত করে ফেলতে পারলেই কেল্লাফতে। বর্ষার বিকেল-সন্ধে জমে ওঠে সুস্বাদু মুচমুচে পকোড়ার সঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement