চাকুরিরতা নারীদের পক্ষে সময়ের মধ্যে সকালের কাজ গুছিয়ে কর্মক্ষেত্রে বেরোনো এমনিতেই যথেষ্ট ঝক্কির। এর মধ্যে কি আর স্বাস্থ্যরক্ষার দিকে নজর দেওয়ার সময় হয়? ফলে জলখাবারে কোনওমতে পেট ভরানোর মতো কিছু জোটে, তাতে পুষ্টিগুণ প্রায় নেই বললেই চলে।
অথচ আগে থেকে একটু ভেবে নিতে পারলেই অল্প সময়ে সহজ প্রাতঃরাশ বানিয়ে নেওয়া যায়। ৩ মূল উপকরণের ওপর ভিত্তি করেই তৈরি হবে সহজ জলখাবার।
পিনাট বাটার-কলার টোস্ট।
১. কলা-ওটসের প্যানকেক
উপকরণ:
• ১টি পাকা কলা
• অর্ধেক কাপ ওটস
• ১টি ডিম
কলা ভালো করে চটকে নিন। ওটস ও ডিম মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। নন-স্টিক প্যানে অল্প আঁচে ছোট ছোট প্যানকেকের আকারে ব্যাটার ঢালুন। দুই দিক ভালোভাবে সেঁকে নিলেই তৈরি। চাইলে সামান্য চিনি ও লবণ মেশাতে পারেন। কলায় এমনিতেই মিষ্টত্ব রয়েছে, ওটস আর ডিম বেশ কিছুক্ষণ পেট ভরা রাখতে পারে।
২. পিনাট বাটার-কলার টোস্ট
উপকরণ:
• পাউরুটি
• ২-৩ টেবিলচামচ পিনাট বাটার
• ১টি কলা
পাউরুটি হালকা টোস্ট করে নিন। পিনাট বাটার মাখিয়ে, তার ওপর পাতলা করে কাটা কলার ফালি সাজিয়ে দিন। মাত্র কয়েক মিনিটেই তৈরি। বাড়তি চিনি না থাকায় স্বাস্থ্যের পক্ষে তো ভালোই। পেটও ভরে থাকে দীর্ঘ সময়।
৩. ভেজি চিজ অমলেট
উপকরণ:
• ২টি ডিম
• অর্ধেক কাপ কুচি করা সবজি (গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি, টোম্যাটো, পিঁয়াজ— যা ইচ্ছে দেওয়া যেতে পারে)
• ২টি চিজ স্লাইস
ডিম ভালোভাবে ফেটিয়ে কুচি করা সবজি মিশিয়ে নিন। অল্প নুন, গোলমরিচ দিন স্বাদের জন্য। প্যানে ঢেলে আঁচ কমিয়ে রাখুন। উপর থেকে চিজের স্লাইস বসিয়ে অমলেটটি ভাঁজ করে দিন। চিজ গলে গেলেই নামিয়ে নিন। সকালের খাবারে প্রোটিন রাখতে চাইলে এর জুড়ি মেলা ভার।
৪. কলা-আমন্ড স্মুদি
উপকরণ:
• ১টি কলা
• ৫–৬টি আমন্ড
• ১ কাপ দুধ
সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিষ্টি চাইলে সামান্য মধু বা খেজুরের পাল্প মেশাতে পারেন। ব্যাস, স্বাদু স্মুদি তৈরি! রান্নার ঝুটঝামেলা নেই। গরম নয়, তাই তাড়াহুড়োর সময় ঠান্ডা হওয়ার অপেক্ষাও করতে লাগে না। পেট দীর্ঘ সময় ভরে থাকে।
আমন্ড ও কলার স্মুদি।
৫. পনির রুটি রোল
উপকরণ:
• ১টি রুটি
• অর্ধেক কাপ গুঁড়ো করা পনির
• ১ টেবিলচামচ পছন্দের চাটনি বা সস
যদি আগের রাতের বাসি রুটি কাজে লাগাতে চান, তবে ভিতরে গুঁড়ো পনির ভরে দিন। তার উপর পছন্দের সস বা চাটনি ছড়িয়ে দিন। রুটি রোল করে নিয়ে, তাওয়ায় এক মিনিট সেঁকে নিন। চটজলদি জলখাবার হিসেবে অত্যন্ত উপাদেয় এই খাবারটি।
