shono
Advertisement
Oil-free Paratha

এক ফোঁটা তেল নেই, অথচ স্বাদে খাস্তা! রান্নার দুনিয়ায় জনপ্রিয়তা পাচ্ছে ‘পানিওয়ালে পরাঠা’

হার্টের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের খাদ্যতালিকা থেকে তো পরোটা অনেক আগেই বাদ পড়েছে। কিন্তু যদি বলা হয়, এক ফোঁটা তেল ছাড়াই তৈরি হবে দোকানের মতো মুচমুচে পরোটা? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। রান্নার দুনিয়ায় এখন জনপ্রিয় হচ্ছে ‘পানিওয়ালে পরাঠা’ বা জল-পরোটা। কীভাবে রাঁধবেন? জানুন রেসিপি।
Published By: Buddhadeb HalderPosted: 05:33 PM Feb 14, 2026Updated: 05:33 PM Feb 14, 2026

গরম গরম খাস্তা পরোটার নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। কিন্তু সাধ থাকলেও বাদ সাধে শরীর। পরোটা মানেই ডুবো তেলে ভাজা। আর তেল মানেই কোলেস্টেরল, মেদ বৃদ্ধি কিংবা ফ্যাটি লিভারের আতঙ্ক। হার্টের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের খাদ্যতালিকা থেকে তো পরোটা অনেক আগেই বাদ পড়েছে। কিন্তু যদি বলা হয়, এক ফোঁটা তেল ছাড়াই তৈরি হবে দোকানের মতো মুচমুচে পরোটা? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। রান্নার দুনিয়ায় এখন জনপ্রিয় হচ্ছে ‘পানিওয়ালে পরাঠা’ বা জল-পরোটা।

Advertisement

এই পরোটা তৈরির পদ্ধতিটিও বেশ সহজ

এই বিশেষ পরোটার প্রধান বৈশিষ্ট্য হল এর ‘নো ফ্যাট’ ফর্মুলা। এখানে তেলের বদলে ব্যবহার করা হয় সাধারণ জল। ফলে পরোটা খেয়ে ওজন বাড়ার ভয় থাকে না। পরোটা তৈরির পদ্ধতিটিও বেশ সহজ। সাধারণ পরোটার মতোই প্রথমে আটা মেখে লেচি কেটে বেলে নিতে হবে। কেউ চাইলে ভেতরে আলু বা ডালের পুরও দিতে পারেন।

আসল কারিকুরি শুরু হয় ভাজার সময়। এর জন্য প্রয়োজন একটি কাস্ট আয়রন বা লোহার চাটু। চাটুটি খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর বেলে রাখা পরোটার এক পিঠে ব্রাশ দিয়ে সামান্য জল মাখিয়ে নিতে হবে। জল মাখানো দিকটি সরাসরি গরম চাটুর ওপর রাখুন। মনে রাখবেন, এই পরোটা তৈরির সময় আঁচ কমানো চলবে না। চড়া আঁচেই তৈরি হবে এই পদ।

চড়া আঁচেই তৈরি হবে এই পদ

পরোটার তলার দিকের জল শুকিয়ে এলে এবং সেটি চাটু থেকে আলগা হয়ে এলে অন্য পিঠেও একইভাবে জল ব্রাশ করে উল্টে দিতে হবে। দুই পিঠ যখন লালচে এবং খাস্তা হয়ে উঠবে, তখন নামিয়ে নিন। তৈরি আপনার স্বাস্থ্যকর পরোটা। দেখে বা খেয়ে বোঝার উপায় নেই যে এতে তেলের ছোঁয়াও লাগেনি। তেলবর্জিত এই খাস্তা পরোটা যেমন পুষ্টিকর, তেমনই সুস্বাদু। ডায়েট মেনেও এখন রসনা তৃপ্তিতে আর বাধা রইল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement