তপ্ত দুপুর। ভ্যাপসা গরম। নাভিশ্বাস উঠছে বাঙালির। রোদের তেজে মুখে রুচি নেই। পেটের গোলমালও ঘর ঘর কি কহানি। এই সময় স্বাস্থ্যের খেয়াল রাখতে টক দইয়ের জুড়ি মেলা ভার। ওজন নিয়ন্ত্রণ থেকে শরীর ঠান্ডা রাখা— ম্যাজিকের মতো কাজ করে দই। কিন্তু রোজকার সেই একঘেয়ে দই-চিনি? কিংবা নুন-লেবু আর কতদিন? জিভের স্বাদ বদলাতে এবার পাতে পড়ুক নয়া চমক। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের হরেক কায়দায় দইয়ের এই পদগুলি আপনার মন কাড়তে বাধ্য। দেখে নিন সেই তালিকা।
ফাইল ছবি
মাস্ত-ও-খিয়ার, ইরান
পারস্যের এই পদটি গরমে এক কথায় অনবদ্য। টক দইয়ের সঙ্গে কুচনো শসা, একমুঠো আখরোট আর কিসমিস মিশিয়ে তৈরি হয় এই খাবার। সঙ্গে থাকে সুগন্ধি শাকসবজি। মিষ্টি আর নোনতার এক অদ্ভুত ভারসাম্য থাকে পদটিতে। হালকা খিদে মেটাতে বা পুষ্টির প্রয়োজনে এটি মুখে দিলেই মিলবে আরাম। একই সঙ্গে স্বাস্থ্য থাকবে অটুট।
ফাইল ছবি
বোরানি বাঞ্জন, আফগানিস্তান
স্বাদ এবং গন্ধে ভরপুর এই আফগান রেসিপি। প্রথমে টমেটো সস দিয়ে বেগুন ভালো করে ভেজে সাজিয়ে নিন। তার উপর ছড়িয়ে দিন রসুন মেশানো ঘন টক দই। তীব্র স্বাদের এই পদটি যেমন পুষ্টিকর, তেমনই সুস্বাদু। ভাতের সঙ্গেও এটি দারুণ জমে যায়।
ফাইল ছবি
তারাতর, বুলগেরিয়া
এটি আসলে একটি ঠান্ডা স্যুপ। দইয়ের সঙ্গে শসা, রসুন আর ডিল শাকের মিশেলে তৈরি হয় এই সতেজ পানীয়। বুলগেরিয়ার মানুষ গরমে শরীর জুড়োতে এর উপরই ভরসা রাখেন। অত্যন্ত হালকা এই খাবারটি হজমেও সাহায্য করে।
ফাইল ছবি
আয়রান আশি স্যুপ, তুরস্ক
তুরস্কের অন্যতম জনপ্রিয় পদ এটি। দইয়ের মধ্যে সেদ্ধ ছোলা আর দানাশস্য মিশিয়ে তৈরি হয় এই রিফ্রেশিং স্যুপ। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা হয় এটি। পুষ্টিগুণে ঠাসা এই স্যুপটি একবার খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে।
ফাইল ছবি
মোর কুঝাম্বু, দক্ষিণ ভারত
বিদেশের পাশে পাল্লা দিতে তৈরি আমাদের দেশের তামিল পদটিও। নারকেল, হালকা মশলা আর টক দইয়ের মিশেলে তৈরি এই তরকারি অত্যন্ত উপাদেয়। সাধারণত চালকুমড়ো বা ঢেঁড়স দিয়ে এই রান্না করা হয়। গরম ভাতে হালকা টক স্বাদের এই পদটি শরীরে দেবে প্রশান্তি।
গরমে বদহজম দূরে ঠেলে তৃপ্তির স্বাদ পেতে আজই রান্নাঘরে শুরু হোক পরীক্ষা-নিরীক্ষা। এই গরমে সুস্থ থাকাই এখন আসল চ্যালেঞ্জ।
