জল্পনা ছিল। সেই জল্পনাই সত্য হল। কলকাতায় ব্রাজিল ম্যাচের জন্য আশিয়ান কাপে যাবে না ভারতীয় দল। বৃহস্পতিবার এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ জানিয়েছেন, একই সময়ে দু'টি প্রতিযোগিতায় দল নামানো সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত। তাঁরা ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ নিয়ে অনেক বেশি আগ্রহী। সেই কারণেই আশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত।
৩ অক্টোবর কলকাতায় ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। একই সঙ্গে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইন্দোনেশিয়ায় আশিয়ান কাপে অংশ নেওয়ার কথা ছিল ব্লু টাইগার্সদের। দু’টি ক্ষেত্রে সূচি মিলে যাওয়ায় প্রশ্ন তৈরি হয়েছিল, ভিনিসিয়াস জুনিয়রদের বিরুদ্ধে ভারতীয় দল কী হবে? এর উত্তর পাওয়া গিয়েছে সত্যনারায়ণের কথায়। তবে ৭ আগস্ট ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে ঠিক হয়েছিল, আলাদা দু’টি দল নামানো হবে। কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যে ফেডারেশন কেন সেই সিদ্ধান্ত থেকে সরে এল, তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।
২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর, ফিফার এই আন্তর্জাতিক উইন্ডোয় হওয়ার কথা আশিয়ান কাপ। আমন্ত্রিত দল হিসেবে ভারতকে রাখা হয়েছিল ডিভিশন ওয়ানের গ্রুপ ‘এ’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ হিসাবে রাখা হয়েছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে। তবে ফিফার এই টুর্নামেন্ট ছেড়ে ৩ অক্টোবরের ব্রাজিল ম্যাচকেই যে আগ্রাধিকার দিল ফেডারেশন, তা পরিষ্কার করে দিয়েছেন সত্যনারায়ণ। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেন, "আমরা ফিফা আশিয়ান কাপ থেকে সরে দাঁড়িয়েছি। কারণ ব্রাজিল ম্যাচ এবং আশিয়ান কাপ, দু'টি একসঙ্গে খেলা আমাদের পক্ষে সম্ভব নয়।"
প্রাথমিক ভাবে আশিয়ান কাপে ডেভেলপমেন্ট স্কোয়াড পাঠানোর কথা ভেবেছিল এআইএফএফ। কিন্তু সেই পরিকল্পনাও বাতিল করা হয়েছে। পরিবর্তে আন্তর্জাতিক উইন্ডোয় আরও কয়েকটি শক্তিশালী দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করবে ভারত। সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে কেপ ভার্দে এবং ইরান। দু'টি দলই এবারের বিশ্বকাপে খেলেছে। তবে এআইএফএফের তরফে এখনও সরকারি ঘোষণা হয়নি।
এমনিতেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবল। ২০২৭ এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে পারেনি জাতীয় দল। পাশাপাশি শক্তিশালী আন্তর্জাতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নিয়মিত ম্যাচ আয়োজন নিয়েও রয়েছে সমস্যা। এই পরিস্থিতিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তই নিয়েছে এআইএফএফ। বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেললে ভারতীয় ফুটবলাররা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ক্ষমতা যাচাই করার সুযোগ পাবেন বলে মনে করছেন অনেকে।
