ন'বছর একত্রবাসের পর দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রড্রিগেজের সঙ্গে পর্তুগালের শহর কাসকাইসে মঙ্গলবার গাঁটছড়া বেঁধেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার পর্তুগালের মহাতারকার 'হানিমুন ডেস্টিনেশন' নিয়ে জল্পনা তুঙ্গে। সিআর সেভেন নাকি মধুচন্দ্রিমায় কেরল আসছেন। যা নিয়ে নেটভুবনে শোরগোল পড়ে গিয়েছে।
এই আলোচনা অস্বাভাবিক নয়। কারণটা অবশ্য কেরল ট্যুরিজম। বিয়ের পর মধুচন্দ্রিমার গন্তব্য হিসাবে কেরলকে বেছে নেওয়ার জন্য তারকা যুগলকে প্রকাশ্যেই আমন্ত্রণ জানাল 'গডস ওন কান্ট্রি'। সোশাল মিডিয়ায় কেরল ট্যুরিজমের তরফে লেখা হয়েছে, 'প্রিয় ক্রিশ্চিয়ানো ও জর্জিনা, মধুচন্দ্রিমার জন্য কেরলকে বেছে নিলে কেমন হয়?' নেটিজেনরা বলছেন, কেরলের এই প্রস্তাবে 'হ্যাঁ' বললে ঠকবেন না তিনি। কারণ কেরলেই রয়েছে মুন্নার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ মিটার উঁচুতে এই শৈলশহরে 'মেঘ গাভীর মতো চড়ে'। ইদুক্কি জেলায় অবস্থিত 'মুন্নার' নামের অর্থ তিন নদী। পশ্চিমঘাট পর্বতমালার মুথিরাপুঝা, নালাথান্নি এবং কুন্দালার মিলনস্থলে এই শহর। এখানকার কুয়াশাচ্ছন্ন পাহাড়, চা-বাগান, আলেপ্পির শান্ত ব্যাকওয়াটার, হাউসবোট, সব কিছুই রোনাল্ডো-জর্জিনা হাতের মুঠোয় পাবেন।
বেশ কিছুদিন ধরেই বিশ্বফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। ঠিক একবছর আগে অর্থাৎ ২০২৫ সালের ১১ আগস্ট ইনস্টাগ্রামে জর্জিনা তাঁদের বাগদানের খবর প্রকাশ করেন। রোনাল্ডো এবং জর্জিনা দীর্ঘদিন ধরেই একত্রে বসবাস করছিলেন। সম্প্রতি সোশাল মিডিয়ায় জল্পনা তৈরি হয়েছিল যে, তাঁরা খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এই খবর প্রকাশ হতেই ফুটবল মহলে রীতিমতো শোরগোল পড়ে যায়।
রোনাল্ডো অবশ্য বারবারই বলেছেন, তাঁরা দু’জন যখন মনে করবেন, এটাই সঠিক সময়, তখনই তাঁরা বিয়ে করবেন। অবশেষে সেই দিনটি আসে। দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে বিয়ে করেন সিআর সেভেন। রোনাল্ডো এবং জর্জিনার পাঁচটি সন্তান রয়েছে। ৯ বছরের যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেও। ৮ বছরের মেয়ে আলানা। ৪ বছরের কন্যা বেলা। এবং ১৬ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। ২০২২ সালে বেলার সঙ্গে পুত্রসন্তান অ্যাঞ্জেল জন্মেছিল। কিন্তু অ্যাঞ্জেল প্রয়াত হয়। রোনাল্ডোর সঙ্গে জর্জিনার প্রথম সাক্ষাৎ হয়েছিল প্রায় ৯ বছর আগে। সম্পর্কের শুরু সেখান থেকে। তারপর থেকে দু’জনকে একসঙ্গে দেখা যায়। এরই মধ্যে সোশাল মিডিয়ায় জর্জিনার সঙ্গে সম্পর্কের স্বীকৃতি দেন সিআর সেভেন। জর্জিনা নিজে হিরের আংটির ছবি পোস্ট করেন। সেই আবহেই কেরল ট্যুরিজমের এই আমন্ত্রণ।
তবে রোনাল্ডোকে কেরলে আমন্ত্রণ কেবল ট্যুরিজম প্রচারের কৌশল নয়। এর নেপথ্যে রয়েছে কেরলের ফুটবলপাগল জনতার আবেগও। ক্রিকেটের দেশে কেরল বরাবরই ফুটবলের অন্যতম শক্ত ঘাঁটি। বিশ্বকাপ এলেই কোঝিকোড়, মালাপ্পুরম-সহ রাজ্যের বহু এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। আর্জেন্টিনা-ব্রাজিলের পাশাপাশি মেসি, নেইমার এবং রোনাল্ডোকেও ভালোবাসে অগণিত সমর্থক। ২০২২ কাতার বিশ্বকাপের সময় কোঝিকোড়ের পুল্লাভুরের সেই দৃশ্য এখনও অনেকের মনে তাজা। নদীর মাঝে বিশাল মেসি, নেইমার ও রোনাল্ডোর কাট-আউট বসিয়ে নজির তৈরি করেছিলেন স্থানীয় সমর্থকেরা। পরে সেই ছবি ফিফাও সোশাল মিডিয়ায় শেয়ার করেছিল। তাই কেরলে রোনাল্ডো হানিমুনে এলে তা একেবারে অপ্রত্যাশিত নয়। এখন দেখার, কেরলের আদরের ডাকে মন গলে কিনা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তবে একথা স্পষ্ট, 'গডস ওন কান্ট্রি'-তে পর্তুগিজ মহাতারকাকে চাইছে 'ঈশ্বরের দেশ'।
