shono
Advertisement

Breaking News

East Bengal

সোনার সময় ইস্টবেঙ্গলের, ডুরান্ড জয়ের পর কলকাতা লিগেও দাপট লাল-হলুদ বাহিনীর

তবে কালীঘাট এমএসের বিরুদ্ধে অসংখ্য গোলের সুযোগ মিস করল ইস্টবেঙ্গল।
Published By: Arpan DasPosted: 05:23 PM Aug 24, 2026Updated: 06:28 PM Aug 24, 2026

সোনার সময় চলছে ইস্টবেঙ্গলের (East Bengal)। এসিএল ২-র মূল পর্বে, সদ্য ডুরান্ডে চ্যাম্পিয়ন, মেয়েরাও এশিয়ার মঞ্চে দাপাচ্ছে। কলকাতা লিগেও ছুটছে লাল-হলুদ বাহিনীর জয়রথ। কালীঘাট মিলন সংঘকে হারিয়ে ঘরোয়া লিগের সুপার সিক্স কার্যত নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোল মনতোষ মাঝির।

Advertisement

সিনিয়র দলের ডুরান্ড জয়ের পরদিনই কলকাতা লিগে মাঠে নামে ইস্টবেঙ্গল। আগের ম্যাচে ভবানীপুরের সঙ্গে ড্র করে কিছুটা চাপে পড়ে গিয়েছিল। তবে এদিন ঘরের মাঠে জয়ের সরণিতে ফিরল। স্কোরবোর্ডে ব্যবধান ১-০ লেখা থাকলেও সেটা অনায়াসে ৫,৬ গোলও হতে পারত। তবে আক্রমণভাগের ব্যর্থতা, কালীঘাটের গোলকিপার রঞ্জন সোরেনের হাত ও তেকাঠিতে প্রতিহত হওয়ায় ব্যবধান বাড়েনি। ক্রমাগত আক্রমণ সত্ত্বেও চিন্তা থাকবে গোল করার লোকের অভাব। কালীঘাটও পালটা লড়াই করেছিল ঠিকই। তবে খুব বেশি চাপে ফেলতে পারেনি।

আর বাকিটা ইস্টবেঙ্গলের আক্রমণ বনাম রঞ্জনের হাত। প্রথমার্ধে কোনও গোল হয়নি। একা হাতেই চাকু মান্ডি, বিজয় মুর্মুদের আটকে দিয়েছিলেন রঞ্জন। অকুতোভয়ী মানসিকতায় অন্তত হাফডজন গোল বাঁচান। ৮৪ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। কর্নার থেকে ভাসানো বল কালীঘাটের এক ডিফেন্ডারের হাতে লাগে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি অভিজ্ঞ মনতোষ। এবার আর কিছু করার ছিল না রঞ্জনের। শেষের দিকে আরও একটি ভুল করেছিলেন। ক্রস থেকে ভাসানো বল ঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি। সামনে ফাঁকা গোল। কিন্তু তাতেও জালে বল জড়াতে পারেননি ইস্টবেঙ্গলের বিজয়। শেষ ৫ মিনিটে তিনিই হ্যাটট্রিক করে ফেলতে পারতেন।

এই ম্যাচ জিতে ৭ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট হল ১৭। গ্রুপ 'এ'তে আছে দ্বিতীয় স্থানে। এখনও দু'টি ম্যাচ আছে। তার মধ্যে একটি ডার্বি। যার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। সুপার সিক্সে লাল-হলুদের যাওয়া কার্যত নিশ্চিত। তবে সবুজ-মেরুনের ভাগ্য নির্ভর করছে ডার্বির উপর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement