shono
Advertisement
Cristiano Ronaldo

বাড়ল অপেক্ষা! মাত্র ৩০ সেকেন্ডের জন্য ট্রফি হাতে তোলা হল না রোনাল্ডোর

ফুটবলে শেষ বাঁশি না বাজা পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। সেই কথাই যেন আরও একবার মনে করিয়ে দিল আল হিলাল বনাম আল নাসের ম্যাচ।
Published By: Prasenjit DuttaPosted: 08:06 PM May 13, 2026Updated: 09:05 PM May 13, 2026

আর মাত্র কয়েক সেকেন্ড। তারপরই আসতে পারত বহু প্রতীক্ষিত মুহূর্ত। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আল নাসের জিতে নিতে পারত ঘরোয়া লিগের ট্রফি। কিন্তু ফুটবলে শেষ বাঁশি না বাজা পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। সেই কথাই যেন আরও একবার মনে করিয়ে দিল আল হিলাল বনাম আল নাসের ম্যাচ।

Advertisement

মঙ্গলবার চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের বিরুদ্ধে নেমেছিল রোনাল্ডোর দল। সমীকরণ ছিল সহজ। জিতলেই লিগ নিশ্চিত। ম্যাচের ৩৭ মিনিটে মহম্মদ সিমাকানের গোলে এগিয়েও গিয়েছিল আল নাসের। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উৎসবের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল গ্যালারিতে।

কিন্তু নাটকীয়তা অপেক্ষা করছিল সংযুক্তি সময়ের একেবারে শেষ মুহূর্তে। অতিরিক্ত সময়ের নবম মিনিটে আল হিলালের একটি লম্বা থ্রো এসে পড়ে আল নাসেরের বক্সে। বল ক্লিয়ার করতে এগিয়ে আসেন গোলকিপার বেন্তো। কিন্তু বলের উচ্চতা ঠিকমতো আন্দাজ করতে না পারায় সেটি তাঁর হাত ছুঁয়ে জালে ঢুকে যায়। পিছনে থাকা এক ডিফেন্ডার চেষ্টা করেও গোল বাঁচাতে পারেননি। ম্যাচ শেষ হতে তখন মাত্র ৩০ সেকেন্ড বাকি। কিন্তু ভুলের মাশুল গুনে জয় হাতছাড়া হয় আল নাসেরের।

গোল হওয়ার পর ক্যামেরা ঘুরে যায় সিআর সেভেনের দিকে। ততক্ষণে তাঁকে তুলে নেওয়া হয়েছে মাঠ থেকে। ডাগআউটে বসে প্রথমে হতাশার হাসি হাসতে দেখা যায় তাঁকে। তারপরই মাথা নিচু করে মুখ ঢেকে বসে পড়েন পর্তুগিজ মহাতারকা। কিছুক্ষণ পরে হাত সরাতেই চোখের কোণে জল ধরা পড়ে ক্যামেরায়। ট্রফি এত কাছে এসেও ফসকে যাওয়ার যন্ত্রণা স্পষ্ট হয়ে উঠেছিল তাঁর চোখেমুখে।

তবে আশা ছাড়ছেন না রোনাল্ডো। আগামী সপ্তাহে দামাককে হারাতে পারলেই লিগ নিশ্চিত করবে আল নাসের। এরপর সমাজমাধ্যমে সমর্থকদের উদ্দেশে রোনাল্ডো লিখেছেন, 'স্বপ্ন এখন খুব কাছে। মাথা উঁচু করে খেলো। আর মাত্র একটা ধাপ বাকি। এত সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement