পাঞ্জাব এফসি ম্যাচ শেষ হতেই ইস্টবেঙ্গলে ঢুকে পড়েছে ডার্বির আবহ। এই ডার্বির আবহে লাল-হলুদ শিবিরে চাপ বাড়াল সল ক্রেসপোর চোট। সোমবার ম্যাচের ঠিক আগেই পেশিতে টান ধরে বলে তিনি সরে দাঁড়িয়েছিলেন। যা খবর তাতে ডার্বি তো বটেই এমনকী বাকি দুই ম্যাচেও তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে কার্ড সমস্যার জন্য সৌভিক চক্রবর্তীর না থাকা তারপর ক্রেসপোর চোট চাপ বাড়াল অস্কারের।
হাতে আর মাত্র কয়েকটা দিন। এবারের লিগ টেবিলের যা অবস্থা তাতে চ্যাম্পিয়নশিপের ভাগ্য নির্ধারণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কলকাতা ডার্বি। সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে ড্র করে হয়ত হতাশ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো, কিন্তু হাত থেকে চ্যাম্পিয়নশিপ একেবারে ছিটকে গিয়েছে তা মানছেন না। বরং লাল-হলুদ কোচ মনে করছেন, এই ম্যাচটা জিতলে হয়তো কিছুটা চাপে রাখা যেত মোহনবাগানকে ঠিকই, কিন্তু এখান থেকেও ডার্বি জিতলে চ্যাম্পিয়ন হওয়া যায়।
ফাইল ছবি।
বরং তিনি কিছুটা হতাশ ডার্বিতে সৌভিক চক্রবর্তীকে পাওয়া যাবে না বলে। কেভিন সিবিয়ে আর সৌভিককে তিনি ম্যাচের আগেই সতর্ক করে দিয়েছিলেন কার্ড না দেখার জন্য। কারণ, এই দুই নির্ভরযোগ্য ফুটবলারেরই তিনটি করে হলুদ কার্ড দেখা ছিল। আর একটি হলুদ কার্ড দেখলেই ডার্বি মিস হত। কেভিন কার্ড না দেখলেও সৌভিক পাঞ্জাব ম্যাচের কুড়ি মিনিটের মাথায় কার্ড দেখেন। ফলে তাঁকে ঝুঁকি না নিয়ে পরিবর্তন করে দেন অস্কার। সোমবার পাঞ্জাব ম্যাচের শেষে লাল-হলুদ কোচ বলেন, "পাঞ্জাবের বিরদ্ধে জিতলে ডার্বিতে
মোহনবাগানকে আরও চাপে রাখা যেত। আমরাও লিগ টেবিলে আর মানসিকভাবে অনেকটা সুবিধাজনক জায়গায় থাকতাম। এমন পরিস্থিতিতেও লিগ চ্যাম্পিয়ন হওয়ার অঙ্ক খুব একটা কঠিন নয়। ডার্বি জিতলে ভালোভাবেই সেটা সম্ভব। সেই পরিকল্পনা নিয়েই ডার্বিতে আমরা মাঠে নামব। আগেই বলেছিলাম এই মরশুমে আমরা ধাপে ধাপে এগোনোর দিকে ভাবব। প্রথমে লিগ টেবলে ছয়ের মধ্যে থাকার চেষ্টা করেছি। এখন চ্যাম্পিয়নের দিকে। না হলে অন্তত দুইয়ের মধ্যে থাকব। মোহনবাগানের পিছনে থেকে দ্বিতীয় স্থানে শেষ করতে পারলেও এএফসি খেলার জায়গায় থাকতে পারি। আশা করি লক্ষ্য পূরণ হবে।"
শৌভিকের ডার্বিতে না থাকা নিয়ে অস্কার আরও বলেন, "পাঞ্জাব ম্যাচের আগে সৌভিক আর কেভিনকে সতর্ক করে দিয়েছিলাম কার্ড না দেখার জন্য। সৌভিক সেটা করতে পারল না। ডার্বিতে খেলতে পারবে না ড্রেসিংরুমে হতাশা প্রকাশ করেছে। সিবিয়েকে অবশ্য পাব।" এই মুহূর্তে ইস্টবেঙ্গল ১১ ম্যাচ খেলে ২২ পয়েন্ট সংগ্রহ করেছে। ডার্বি ছাড়াও তাদের বাকি রয়েছে ইন্টার কাশী ম্যাচ।
