তাহলে কি সিদ্ধান্ত পরিবর্তনের দিকে হাঁটছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো? মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে বসে অস্কার ব্রুজো হঠাৎই জানিয়েছিলেন, সামনের মরশুমে তিনি আর ইস্টবেঙ্গলে কোচিং করবেন না। কারণ, তাঁর কাছে পরের মরশুমের ভবিষ্যৎ কিছুই পরিষ্কার নয়। তারপর থেকে জল কিছুটা অন্য খাতে বয়েছে। এমনকী ক্লাবের তরফ থেকে কার্যকরী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে অস্কার ব্রুজোর পাশাপাশি ইনভেস্টর ইমামি কর্তৃপক্ষকেও জানানো হয়, পরের মরশুমের জন্যও তাঁকে রেখে দেওয়ার অনুরোধ করতে। পাশাপাশি লাল-হলুদ সমর্থকদের অনুরোধ ভালোবাসা তো আছেই। স্বাভাবিকভাবেই ক্লাব এবং সমর্থকদের ভালোবাসা এবং অনুরোধের পর মনের ভাবনা কিছুটা অন্য খাতে বইতে শুরু করেছে অস্কারের জন্য।
সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং এফসি গোয়ার প্রস্তাবগুলি যেরকম সিরিয়াসলি ভাবতে শুরু করেছিলেন, কিছুটা সেই ভাবনার গতি শ্লথ করে দিয়েছেন অস্কার। আপাতত ঠিক করেছেন, ৩১ মে পর্যন্ত কোনও ক্লাবের সঙ্গেই আগাম চুক্তি নিয়ে কিছুই আলোচনা করবেন না। কারণ, অস্কারের ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি রয়েছে ৩১ মে পর্যন্ত। ভবিষ্যৎ নিয়ে যা আলোচনা হবে সব জুন মাসে। ততদিনে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সবার আগে যেটা দরকার, তা হল বৃহস্পতিবার প্রথমবারের জন্য ইন্ডিয়ান সুপার লিগটা জেতা। আপাতত শুধু সেদিকেই মন। বাইরের প্রস্তাব কাটিয়ে ইস্টবেঙ্গলে থেকে যাওয়া যায় কিনা, অস্কারের পক্ষে সেই আলোচনাটা শুরু হবে আইএসএল ট্রফিটা হাতে তোলার পর থেকে। আপাতত চিন্তা কিভাবে আইএসএল ট্রফিটা ইস্টবেঙ্গলকে জেতানো যায়।
সমস্যা হচ্ছে, পরের মরশুমের আইএসএল কবে, কীভাবে শুরু হবে আইএসএলের কোনও ক্লাবই জানে না। ফলে ইস্টবেঙ্গল অস্কারকে পরের মরশুমের জন্য চাইলেও, কীভাবে যে পরের মরশুম নিয়ে আলোচনা শুরু করবে সেটাই জানে না। ফলে দু'পক্ষের ইচ্ছে থাকলেও পরের মরশুমেও যে অস্কার থাকবেন, এখনই বলা যাচ্ছে না। তবে একটাই আশার কথা, যেখানে পরের মরশুমে থাকবেন না বলে সিদ্ধান্ত জানিয়েছিলেন স্প্যানিশ কোচ, সেখানে দেবব্রত সরকারদের তরফে থেকে যাওয়ার অনুরোধের চিঠি দেখার পর অনেকটাই সুর নরম করেছেন তিনি। বরং ক্লাব এবং সমর্থকদের ভালোবাসার সঙ্গে ফের জড়ানোর জন্য মানসিকভাবে তৈরি হচ্ছেন। তবে সবটাই নির্ভর করছে, ইনভেস্টর ইমামি কর্তৃপক্ষ ব্রুজোকে জুন মাসে কী জানাবেন, তার উপর।
এদিকে, বৃহস্পতিবার ইন্টার কাশী ম্যাচ নিয়ে মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। সল ক্রেসপো, মহেশের পাশাপাশি কার্ড সমস্যায় শেষ ম্যাচে পাওয়া যাবে না এডমুন্ডকেও। ইস্টবেঙ্গল ফের একবার এডমুন্ডের কার্ড সমস্যা মেটানোর জন্য ফেডারেশনের কাছে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। কারুণ, অস্কার ব্রুজো মনে করছেন, পরিবর্ত হিসেবে মাঠে নেমে এডমুন্ড ম্যাচের রঙ ঘুরিয়ে দিতে পারে। এদিকে, বিপিন সিং সুস্থ হয়ে গেলেও যা পরিস্থিতি, তাতে বৃহস্পতিবার বিপিনের পরিবর্তে সম্ভবত নন্দকেই শুরু থেকে রাখতে পারেন ইস্টবেঙ্গল কোচ। কিন্তু চিন্তার কারণ অন্য জায়গায়। শেষ ম্যাচ মোহনবাগানের হোম ম্যাচ। তাই মোহনবাগন খেলবে যুবভারতীতে। আর ইস্টবেঙ্গল খেলবে কিশোরভারতীতে। এই মাঠ নিয়েই যা ভয়। অথচ, এই মাঠেই এই মরশুমে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ হওয়ার কথা ছিল। শেষে দেখা গেল, চ্যাম্পিয়নশিপ ম্যাচটাই ইস্টবেঙ্গলকে খেলতে হচ্ছে সেই কিশোরভারতী স্টেডিয়ামে। ক্লাব কর্তারা শেষ ম্যাচের আগে মাঠ পরিদর্শনে যাবেন। যদি মনে হয়, তাহলে অস্কার ব্রুজোকেও মাঠে পরিদর্শনের সময় ডেকে নেওয়া হতে পারে।
