দিন কয়েক আগেই এসিএল টু-র মূল পর্বের যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গলের পুরুষ দল। এবার এশিয়ার মঞ্চে নিজেদের দাপট দেখানো শুরু করল লাল-হলুদের মেয়েরাও। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে বাংলাদেশের দল রাজশাহী স্টার্সকে ৪-০ গোলে হারাল ইস্টবেঙ্গল (East Bengal Women)। গতবারও অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা মূল পর্বে গিয়েছিল। এবারও 'ভারতসেরা' দল মূল পর্বে যাওয়ার দিকে কিছুটা অ্যাডভান্টেজে।
ইস্টবেঙ্গলের গ্রুপে বাংলাদেশের দল ছাড়াও মালয়েশিয়ার সাবাহ ও গুয়ামের নাপা রোভার্স আছে। বাকি দলগুলোর তুলনায় খাতায়-কলমে কিছুটা এগিয়ে 'মশাল গার্লস'রা। মালয়েশিয়ার মাঠে সেটা ভালোমতোই বুঝিয়ে দিল ইস্টবেঙ্গল। ভিসা সমস্যায় দলে রেস্টি নানজিরি বা ফাজিলা ইকওয়াপুট নেই। তবে ওলিভিয়া আনোকে, অস্টম ওরাওঁ ও সৌম্য গুগলথের গোলে বাংলাদেশের দলের বিরুদ্ধে ৪-০ গোলে জিতল।
প্রথম গোল এল ১০ মিনিটে। পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলেন ওলিভিয়া। ২৬ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো বল পেয়ে জালে বল জড়িয়ে দেন অষ্টম। ৩৮ মিনিটে ফের গোল ওলিভিয়ার। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধে বরং রাজশাহী কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিল। তবে তাতে ইস্টবেঙ্গলকে পরাস্ত করা সম্ভব ছিল না। বরং ৭২ মিনিটে বাংলাদেশের গোলকিপারের ভুল কাজে লাগিয়ে ৪-০ করেন সৌম্য।
ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ২০ আগস্ট, রোভার্সের বিরুদ্ধে। এরপর ২৩ আগস্ট সাবাহর বিরুদ্ধে। উল্লেখ্য, গতবার এই টুর্নামেন্টের অভিষেকেই মূল পর্বের ছাড়পত্র পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু গোল পার্থক্যের জন্য নকআউট পর্ব হাতছাড়া হয়। এবার সেই আক্ষেপ কাটাতে মরিয়া 'মশাল গার্লস'।
