মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দু'টি ভূমিকম্পে কার্যত মৃত্যুপুরী ভেনেজুয়েলা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ভূমিকম্প ও তার সঙ্গে একের পর এক ‘আফটার শকে’ একটা আস্ত শহরের মানচিত্রটাই যে কার্যত বদলে গিয়েছে, শিউরে ওঠার মতো ছবি ধরা পড়েছে উপগ্রহচিত্রে। এবার ভেনেজুয়েলার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ব্রাজিল তারকা নেইমার (Neymar)। উদ্ধারকাজ ও ত্রাণের জন্য তিনি আড়াই লক্ষ মার্কিন ডলার অনুদান দিয়েছেন। ভারতীয় মুদ্রায় যা ২ কোটি ৩৫ লক্ষ টাকার বেশি।
ভেনেজুয়েলার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য, পানীয় জল, চিকিৎসা সামগ্রী এবং অস্থায়ী আশ্রয় তৈরিতে ব্যয় করা হবে। নেইমার বলেন, "আমার হৃদয় ভেনেজুয়েলার মানুষের সঙ্গে রয়েছে। আশা করি এই সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি জোগাবে।" প্রকৃতির রোষ রেহাই দেয় না কাউকে। একবার দাপট দেখাতে শুরু করলে নির্বিশেষে সব কেড়ে নেয়। আবারও তার সেই রুদ্র রূপের সাক্ষী থেকেছে ভেনেজুয়েলা। সে দেশে জোড়া ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে রাজধানী কারাকাস-সহ বিস্তীর্ণ অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৭.২ ও ৭.৫। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রডরিগেজের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১,৪৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩,২৩৮ জন। গৃহহীন ৩,১৪২টি পরিবার।
ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকার আশঙ্কা। ভারী উদ্ধারযন্ত্রের অভাব এবং লাগাতার আফটার শকের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। মানবিক উদ্যোগের পাশাপাশি মাঠ থেকেও সুখবর পাচ্ছেন ব্রাজিল সমর্থকরা। পায়ের চোট কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন ৩৪ বছর বয়সি নেইমার। বিশ্বকাপের প্রথম দুই গ্রুপ ম্যাচে খেলতে না পারলেও স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩-০ জয়ের ম্যাচে পরিবর্ত হিসাবে শেষ ১৫ মিনিট খেলেন তিনি।
সোমবার রাতে জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচের আগে ব্রাজিল কোচ কার্লো অ্যান্সেলোত্তি জানিয়েছেন, নেইমার এখন আগের তুলনায় অনেক বেশি সময় মাঠে থাকার জন্য প্রস্তুত। ব্রাজিল কোচের কথায়, "ওর ফিটনেসের উন্নতি হয়েছে। আগে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। এখন ও অনেক বেশি সময় খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।" চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) গ্রুপ পর্বে শীর্ষস্থানে থেকে নকআউটে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৯৮২ সাল থেকে টানা ১২টি বিশ্বকাপে গ্রুপ শীর্ষে থাকার বিরল কৃতিত্ব অক্ষুণ্ণ রাখল সেলেকাওরা। এবার জাপান দ্বৈরথে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠাই লক্ষ্য অ্যান্সেলোত্তির দলের।
