দুজনকেই বলা হয়, প্রচণ্ড প্রতিভাবান না হলেও পরিশ্রমে জোরে সেরা হয়ে উঠেছেন। দিনের পর দিন তাঁদের সহ্য করতে হয়েছে সমালোচনা। ব্যর্থ হলেই তাঁদের 'ফিনিশড' বলে দাগিয়ে দেওয়া হয়েছে। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ronaldo) এবং বিরাট কোহলি-দু'জনেই ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াতে অভ্যস্ত। তাঁরা জ্বলে ওঠেন বড় মঞ্চে। এবার টানা ৬ বিশ্বকাপ খেলে এমন নজির গড়ে ফেললেন দুই মহাতারকা, যেটা ভাঙা আপাতদৃষ্টিতে অসম্ভব।
মঙ্গলবার বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে ইতিহাস গড়েন রোনাল্ডো। উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল আসে তাঁর পা থেকে। এই গ্রহের একমাত্র মানব হিসাবে টানা ৬ বিশ্বকাপে গোল করার নজির এখন পর্তুগিজ মহাতারকার ঝুলিতে। ২০০৬ সালে শুরু হয় রোনাল্ডোর বিশ্বকাপ যাত্রা। ইরানের বিরুদ্ধে সেবার গোল করেছিলেন রোনাল্ডো। তারপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ প্রত্যেক বিশ্বকাপে তাঁর পা থেকে গোল এসেছে। তারপর অবশ্য বিশ্বকাপ এবং ইউরোর মতো মেগা টুর্নামেন্টে গোল পাননি রোনাল্ডো। সেই খরা কাটল উজবেকিস্তানের বিরুদ্ধে।
রোনাল্ডোর মতোই টানা ৬ বিশ্বকাপে ধারাবাহিক রেকর্ড রয়েছে বিরাটের। কিং কোহলি এই অনবদ্য নজির গড়েছেন টি-২০ বিশ্বকাপে। ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত মোট ৬টা টি-২০ বিশ্বকাপ খেলেছেন বিরাট। প্রত্যেক বিশ্বকাপেই তাঁর ব্যাট থেকে এসেছে হাফসেঞ্চুরি। সবমিলিয়ে টি-২০ বিশ্বকাপে ৩৫টি ম্যাচ খেলেছেন বিরাট। তারমধ্যে ১৫টি ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন তিনি। ৬টি বিশ্বকাপ জুড়েই দাপট দেখিয়ে এসেছেন বিরাট।
২০১২ সালে নিজের প্রথম টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন বিরাট। ২০১৪ সালে ৪টি, ২০১৬ সালে তিনটি, ২০২১ সালে একটি, ২০২২ সালে চারটি হাফসেঞ্চুরি করেন। তবে পাঁচবার খেলেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি বিরাট। ২০২৪ টি-২০ বিশ্বকাপে একেবারেই ভালো ফর্মে ছিলেন না। কিন্তু ফাইনালে তাঁর ৭৬ রানের ইনিংসে ভর করে চ্যাম্পিয়ন হয় ভারত। প্রথমবার টি-২০ বিশ্বকাপ জয়ের পরেই টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন কিং কোহলি।
