বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হতে বাকি আর চারদিন। তার মধ্যেই সমস্যা শুরু হয়েছে ফরাসি শিবিরে। একদিকে কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) সহ একাধিক তারকা ফুটবলার। আর উল্টোদিকে ফ্রান্সের ফুটবল সংস্থা। বিবাদের সূত্রপাত ফুটবলারদের ছবি ব্যবহার করা নিয়ে। সেই বিবাদের প্রভাব কি মেগা টুর্নামেন্টে পড়বে?
দিনকয়েক আগে আইভরি কোস্টের বিরুদ্ধে ম্যাচের জন্য একটি বেটিং সংক্রান্ত বিজ্ঞাপনে পাঁচ ফুটবলারের ছবি ব্যবহার করে ফ্রান্সের ফুটবল সংস্থা। সেখানে এমবাপে ছাড়াও ছিল রায়ান চেরকি, মাইকেল ওলিসে, ওসমান ডেম্বেলে এবং দেজিরে দুয়ের ছবি। যদিও ফুটবলারদের দাবি, তাঁদের সম্পূর্ণ তথ্য জানানো হয়নি ফটোশুটের সময়। কী কারণে ওই ছবি ব্যবহার করা হবে, জানতেন না তাঁরা। শেষ পর্যন্ত ওই বেটিং সংক্রান্ত বিজ্ঞাপনে নিজেদের ছবি দেখে চটেছেন তাঁরা। বিশেষত চেরকি এবং এমবাপে নিজেদের অসন্তোষের কথা গোপন করেননি। ফরাসি সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই দেশের ফুটবল কর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন তাঁরা।
ফরাসি ফুটবলে 'ইমেজ রাইটস' সংক্রান্ত বিতর্ক নতুন নয়। ২০২৩ সালে ফুটবলারদের আইনজীবীদের সঙ্গে ফেডারেশনের আলোচনার পর কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিজ্ঞাপনের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত মানা হয়নি বলেই অভিযোগ। এমবাপে আগেই এ প্রসঙ্গে বলেছেন, "আমরা এমন কোনও ব্র্যান্ডের মুখ হতে চাই না যারা বেটিং বা অস্বাস্থ্যকর খাবারের মতো পণ্যের সঙ্গে জড়িত। আমাদের অনেকেই বড় হওয়ার পথে এমন পণ্যের ক্ষতিকর দিকটা দেখেছি। দেখেছি, কীভাবে এসবের জন্য মানুষের জীবন নষ্ট হয়েছে। ব্যক্তিগত ভাবে আমার কিছু পরিচিতের জীবনেও এর প্রভাব পড়তে দেখেছি।”
আইভরি কোস্ট ম্যাচে বেটিংয়ের বিজ্ঞাপনে নিজেদের মুখ দেখে চটেছেন এমবাপেরা। এমনিতেই বিশ্বকাপের ম্যাচে ফুটবলারদের পরিবারের জন্য কত টিকিট বরাদ্দ হবে, তা নিয়ে সমস্যা মেটেনি ফরাসি শিবিরে। তারমধ্যে নতুন করে 'ইমেজ রাইটস' সংক্রান্ত বিতর্ক। সবমিলিয়ে তারকাখচিত স্কোয়াড নিয়েও যেন কিছুটা ম্রিয়মান ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁর দল।
