চোটের জন্য দলে নেই। এমনকী রিজার্ভ বেঞ্চেও ছিলেন না নেইমার (Neymar)। প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে হোঁচট খেয়েছে ব্রাজিল। তবু সেলেকাওদের আসল শক্তি নেইমারই। মাঠের বাইরে থেকেই ম্যাচের রং বদলে দিলেন তিনি। ভাইরাল ভিডিওয় নেইমারকে নয়া রূপে আবিষ্কার করলেন নেটিজেনরা। তাদের বক্তব্য ব্রাজিলকে যে প্রথম ম্যাচে হারতে হয়নি, তার কৃতিত্ব নেইমারের।
বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রথম ম্যাচে কোথাও যেন সেই চেনা ব্রাজিলকে দেখা যায়নি। বরং ২১ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন ইসমাইল সাইবারি। কিন্তু ৩২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল শোধ করেন। বাঁদিক থেকে ব্রুনো গিমারেসের পাস ধরে বক্সের মধ্যে ঢুকে পড়েন ভিনি। মরক্কোর গোলকিপার ইয়াসির বোনো কিছু বোঝার আগেই ডান পায়ের অনবদ্য কার্লারে বল জালে জড়িয়ে দেন।
আর এর নেপথ্যে রয়েছে নেইমারের 'পরামর্শ।' কীরকম? নেইমার ছিলেন মাঠের বাইরে। প্রথমার্ধে জলপান বিরতির সময় প্লেয়াররা মাঠের ধারে আসেন। ভাইরাল ভিডিওয় দেখা যায়, সেই সময় ভিনিসিয়াসকে ডেকে কিছু কথা বলেন নেইমার। পরে গিমারেসকে ডেকেও পরামর্শ দেন। সম্ভবত ভিনিকে আরেকটু ভিতরে ঢুকে খেলার কথা বলছিলেন। কারণ প্রথমার্ধের শুরুতে ভিনি সেভাবে বক্সের মধ্যে ঢুকছিলেন। আর ব্রাজিল মহাতারকার পরামর্শের পরই কী হল? গিমারেসের অ্যাসিস্ট, ভিনির গোল।
তবে মরক্কো ম্যাচে না খেললেও পরের ম্যাচেই দেখা যাবে নেইমারকে। প্রথম একাদশে থাকবেন কি না, তা জানানো হয়নি। ভক্তদের দাবি, মেটলাইফ স্টেডিয়ামে প্রথম ম্যাচটা আর যাই হোক, ব্রাজিলসুলভ ছিল না। টানা পাঁচটা পাসও খেলতে পারলেন না রাফিনহারা! বরং মরক্কোই দেখাল কেন তারা গত কয়েক বছরে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে।
