শনি সকালে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ব্রাজিল। তারপরই সুসংবাদ। চোট সারিয়ে পরেই ম্যাচের জন্য তৈরি নেইমার জুনিয়র। হাইতির বিরুদ্ধে জয়ের পরই সাংবাদিক সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি জানিয়ে দেন, পরের স্কটল্যান্ড ম্যাচে নেইমারকে পাওয়া যাবে। তবে প্রথম একাদশে থাকবেন কি না, তা জানাননি।
প্রায় একমাস আগে শেষবার ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন নেইমার। স্যান্টোসের হয়ে সেই ম্যাচে কাফ মাসলে চোট পাওয়ার পর যে নেইমার জাতীয় দলে ডাক পাবেন সেটাই অনেকে ভাবেননি। এবার অপেক্ষা ছিল, কবে তাঁকে ফের ব্রাজিল জার্সিতে দেখা যাবে। হাইতি ম্যাচে নামার কথা থাকলেও পরে জানানো হয়, তিনি ফিট নন। মরক্কোর বিরুদ্ধে আগের ম্যাচে তাও ডাগআউটে দেখা গিয়েছিল নেইমারকে। কিন্তু ফিলাডেলফিয়ায় হাইতির বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচের সময় নেইমার রিকভারির জন্য ছিলেন নিউ জার্সিতে।
ম্যাচের পর আন্সেলোত্তি বলেন, "নেইমার কাল আলাদা করে অনুশীলন করবে। সোমবার থেকে দলের সঙ্গে দেখা যাবে। স্কটল্যান্ড ম্যাচে ওকে পাওয়া যাবে।" আগামী ২৫ জুন, মায়ামি স্টেডিয়ামে গ্রুপ 'সি'তে ব্রাজিলের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিরুদ্ধে। তবে নেইমার ফিরলেও দুশ্চিন্তা থাকছেই। হাইতির বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন তারকা উইঙ্গার রাফিনহা। আন্সেলোত্তি জানান, পরীক্ষা না করে রাফিনহার চোট কতটা গুরুতর জানা যাবে না। তাই কবে তাঁকে পাওয়া যাবে, এখনই বলা সম্ভব নয়।
উল্লেখ্য, ভিনিসিয়াসের নৈপুণ্যে হাইতির বিরুদ্ধে ৩-০ গোলে এবারের বিশ্বকাপে প্রথম জয় পেল সেলেকাওরা। এর আগে ব্রাজিল দলটা নেইমার জুনিয়রের উপর নির্ভরশীল ছিল। এবার সেই ‘বোঝা’টা এসে পড়েছে ভিনির কাঁধে। দু’টো গোল করিয়েছেন। একটা করেছেন। তবে অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকেতার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকছেই। নেইমার যদি প্রথম একাদশে ফেরেন, তাহলে ভিনির উপরও চাপ কমবে।
