বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। আর বাঙালির তো সব খেলার সেরা ফুটবল। ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগাল নিয়ে তুঙ্গে বিবাদ। এর থেকে রেহাই নেই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রাত জেগে বিশ্বকাপের ম্যাচ দেখছেন 'দাদা?' কাকে ফেভারিট বলে মনে করছেন?
এবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। তার বিজয়োৎসবে ইস্টবেঙ্গল মাঠে হাজির ছিলেন সৌরভ। সেখানে তাঁকে ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হয়। সৌরভ বলেন, "সবে শুরু হয়েছে। আমি সব কটা ম্যাচ দেখতে পারিনি। এত রাতে হয় যে দেখা মুশকিল।"
কোন দল এবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে? সৌরভের জবাব, "এই বিশ্বকাপে কে ফেভারিট, সেটা বলার মতো ফুটবল গভীরতা আমার নেই। মেসি, এমবাপে, আরও ভালো ফুটবলারদের দেখব। বিশ্বকাপ আরেকটু এগোক। তারপর বলতে পারব। আমি এখনও পর্যন্ত শুধু দক্ষিণ কোরিয়ার ম্যাচটাই দেখতে পেরেছি। তাও পুরোটা দেখতে পারিনি। মেসি-রোনাল্ডোদের শেষ বিশ্বকাপ। কিছু প্রত্যাশা তো থাকবেই।"
আর ইস্টবেঙ্গলের আইএসএল জয় নিয়ে তিনি বলেন, "ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল জিতেছে। আমি খুব খুশি। আশা করি, এই জয় তাদের আরও এগিয়ে দেবে। আমি ক্রিকেট মাঠের লোক, তাই ফুটবলের সঙ্গে যুক্ত হওয়া আমার কাছে দারুণ অভিজ্ঞতা ছিল। আমি নিজে ফুটবলার বেছে টিম বানিয়েছি।"
২২ বছর অপেক্ষার পর ভারতসেরা হয়েছে ইস্টবেঙ্গল। সেই উপলক্ষে লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক সুকুমার সমাজপতির বাড়িতে আইএসএল ট্রফি নিয়ে যাওয়া হয়েছিল। ক্লাবের উদ্যোগে উচ্ছ্বসিত ও আবেগতাড়িত হয়ে পড়েন সুকুমার সমাজপতি।
সুকুমার সমাজপতির বাড়িতে আইএসএল ট্রফি। ছবি: ইস্টবেঙ্গল ক্লাব
