shono
Advertisement
FIFA World Cup

ম্যাচের ২৪ ঘণ্টা আগেও আমেরিকা ঢুকতে পারল না উরুগুয়ে, বিতর্কে ট্রাম্পের অভিবাসন নীতি

ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রভাব পড়ল উরুগুয়ে ফুটবল দলের উপরেও। বিশ্বকাপের নামার ২৪ ঘণ্টা আগেও মার্কিন মুলুকে পৌঁছতে পারল না 'লা সেলেস্তে'রা।
Published By: Prasenjit DuttaPosted: 01:30 PM Jun 15, 2026Updated: 03:00 PM Jun 15, 2026

ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রভাব এবার উরুগুয়ে ফুটবল দলের উপরেও। এর আগে ইরানের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ আরোপিত হয়েছিল। এবার একই ধরনের সমস্যায় পড়েছে লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল। ফলে বিশ্বকাপের নামার ২৪ ঘণ্টা আগেও মার্কিন মুলুকে পৌঁছতে পারল না 'লা সেলেস্তে'রা।

Advertisement

মঙ্গলবার ভারতীয় সময় ভোর ৩.৩০ মিনিটে সৌদি আরবের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে উরুগুয়ে। কিন্তু ম্যাচের আগেও তারা আমেরিকায় প্রবেশের অনুমতি পায়নি। ফুটবলাররা মেক্সিকোতে রয়েছেন। উরুগুয়ে ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, 'যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। দল এখনও মেক্সিকোতেই রয়েছে। অনুমতির অপেক্ষায় সকলে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। নতুন সময়সূচি জানানো হলে আমরা রওনা দেব।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, উরুগুয়ের বেশ কিছু নথিতে ঘাটতি ছিল। মার্কিন অভিবাসন নীতি অনুযায়ী, ওই নথি ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি মেলে না। ফলে তৈরি হয়েছে জটিলতা। তবে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। জানা গিয়েছে, বিকল্প বিমানে উরুগুয়েকে ফ্লোরিডায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

এর আগে ইরান দলের প্রস্তুতি শিবির আমেরিকায় হওয়ার কথা থাকলেও ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কারণে তা মেক্সিকোতে সরিয়ে নিতে হয়। পাশাপাশি আমেরিকায় ম্যাচ খেলার পর রাতারাতি দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয় ইরানকে। বিতর্ক আরও বাড়ে সোমালিয়ার রেফারি ওমর আরতানকে নিয়ে। মায়ামি বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে প্রায় ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বন্দিদের জন্য নির্ধারিত একটি কক্ষে দীর্ঘ সময় আটকে রেখে কোনও স্পষ্ট কারণ না জানিয়েই তাঁকে তুরস্কের ইস্তানবুলে ফেরত পাঠানো হয়। এইসব ঘটনার জেরে আমেরিকার অভিবাসন নীতি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়ামহলে আগে থেকেই বিতর্ক চলছিল। সেই বিতর্কের তালিকায় এবার নতুন করে যুক্ত হল উরুগুয়ে নাম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement