বিশ্ব ফুটবলের ইতিহাসে কিংবদন্তি জিনেদিন জিদান। ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই তারকার ফুটবল নৈপুণ্য আজও সমর্থকদের মনে গেঁথে। তবে এবারের বিশ্বকাপে আলোচনায় তাঁর ছেলে লুকা জিদান। ২৮ বছর বয়সি এই গোলকিপার ফ্রান্স নয়, খেলেন আলজেরিয়ার হয়ে। আর্জেন্টিনার বিরুদ্ধেও তেকাঠি সামলেছেন তিনি।
ফ্রান্সে জন্ম ও বেড়ে ওঠা লুকা এবার খেলছেন আলজেরিয়ার হয়ে। ফরাসি বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা থাকলেও তিনি বেছে নিয়েছেন তাঁর পূর্বপুরুষদের দেশকে। কারণ, জিদান পরিবারের শিকড় আলজেরিয়ায়। জিদানের বাবা-মা আলজেরিয়ার কাবাইল অঞ্চল থেকে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন। নতুন দেশে বসবাস করলেও তারা নিজেদের সংস্কৃতি ও পরিচয় কখনও ভুলে যাননি।
ছোটবেলা থেকেই দাদু-ঠাকুমার কাছে আলজেরিয়ার গল্প শুনে বড় হয়েছেন লুকা। সেখান থেকেই পরিবারের শিকড়ের সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করেন। সেই কারণেই আলজেরিয়ার জার্সি পরার সিদ্ধান্ত। লুকার মতে, আলজেরিয়ার জার্সিতে খেলা কেবল ফুটবল নয়, পূর্বপুরুষদের প্রতিও সম্মান জানানো।
আরেকটি বিষয়ও বিশ্বকাপে সবার নজর কাড়ছে। লুকার মুখে কালো ফেস মাস্ক। চলতি বছরের এপ্রিলে একটি ম্যাচে ভয়াবহ সংঘর্ষে তাঁর চোয়াল ও থুতনির হাড় ভেঙে যায়। মাথাতেও গুরুতর আঘাত পান। এরপর অস্ত্রোপচার ও দীর্ঘ রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে মাঠে ফেরেন। এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে লুকার মুখে মাস্ক। এতে আঘাত লাগার আশঙ্কা কমে। মুখকেও রক্ষা করে। যদিও বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথম ম্যাচের অভিজ্ঞতা সুখকর হয়নি। তিন গোল হজম করতে হয় তাঁকে। আলজিরিয়াকে হেলায় হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আকাশি-সাদা জার্সিধারীরা।
