shono
Advertisement
Ronaldo FIFA World Cup 2026

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনাল্ডো, কেন জানেন?

বিশ্বকাপের মাঝেই মাঠের বাইরের ক্রিশ্চিয়ানোকে নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন তাঁর প্রাক্তন সতীর্থ। কী বলেছেন তিনি?
Published By: Prasenjit DuttaPosted: 07:00 PM Jun 13, 2026Updated: 08:01 PM Jun 13, 2026

ছ’টি বিশ্বকাপে অংশ নেওয়ার নজির গড়ার পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ronaldo)। যা ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক। একই সঙ্গে 'অধরা মাধুরী' বিশ্বকাপ ট্রফি ছোঁয়ারও লক্ষ্য থাকবে তাঁর। বিশ্বকাপের (FIFA World Cup 2026) মাঝেই মাঠের বাইরের ক্রিশ্চিয়ানোকে নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন তাঁর প্রাক্তন সতীর্থ আলভারো মোরাতা।

Advertisement

এককালে রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছিলেন মোরাতা। এহেন স্প্যানিশ স্ট্রাইকার জানিয়েছন, তরুণ ফুটবলারদের প্রতি পর্তুগিজ তারকার মনের পরিধি ছিল বিরাট। সম্প্রতি ‘এল কামিনো দে মারিও’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানোর অজানা দিক তুলে ধরেছেন মোরাতা। রিয়াল মাদ্রিদে নিজের শুরুর দিনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, তরুণ খেলোয়াড়দের প্রতি রোনাল্ডো ছিলেন খুবই যত্নশীল। মোরাতার কথায়, "পরিষ্কার মনে আছে, আমি তখন খুবই তরুণ। প্রাক্‌-মরশুম সফরে যেতাম আমরা। আমার কী প্রয়োজন, সেটা জানতে চাইতেন রোনাল্ডো। আমরা একসঙ্গে শপিংয়ে যেতাম। আইপ্যাড, মোবাইল ফোন ও দামি পারফিউম উপহার দিতেন।"

বিশ্বকাপের আগে প্রস্তুতির ফাঁকে রোনাল্ডোরা। ছবি সংগৃহীত।

তিনি আরও জানান, রোনাল্ডোর মতো ফুটবলারের সঙ্গে শুরুতে মানিয়ে নেওয়া তাঁর কাছে কিছুটা কঠিন ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ধারণাটা বদলে যায়। মোরাতার কথায়, "প্রথম দিকে আমি খুব ছোট ছিলাম এবং তাঁর লেভেলের একজন খেলোয়াড়ের যে আকাশচুম্বী চাহিদা থাকে, তাতে অভ্যস্ত ছিলাম না। তবে আমার সঙ্গে তিনি সবসময় খোলামেলা থাকতেন। সব সময় ভালো ব্যবহার করেছেন।"

মোরাতার মতে, বাইরের থেকে রোনাল্ডোকে যেভাবেই দেখা হোক না কেন, ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত ও জ্ঞানী একজন মানুষ। তাঁর সংযোজন, "আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, অনেক বিষয়ে কথা বলেছি। ক্রিশ্চিয়ানোর ব্যাপারে আমি একটাই কথা বলব, বাইরে থেকে আপনারা যা দেখেন, সেটা বাদ দিন। যখন আপনি তাঁর সঙ্গে ডিনারে বসবেন, চমকে উঠবেন।" একই সঙ্গে রোনাল্ডোর ফিটনেস রুটিন নিয়েও বিস্ময় প্রকাশ করে মোরাতা জানান, ম্যাচ বা সফর শেষে ক্লান্ত সবাই যখন বিশ্রামে যায়, তখন রোনাল্ডো সিট-আপ, সাইক্লিং ও ঠান্ডা জলে স্নানে ব্যস্ত থাকতেন। এটা মোরাতার মতো অনেককেই মুগ্ধ করেছে। সেই কারণেই রোনাল্ডোকে তাঁর দেখা সেরা সতীর্থদের একজন, এমনকী সর্বকালের সেরাদের মধ্যেও একজন বলে জানান স্প্যানিশ ফুটবলার। উল্লেখ্য, ১৭ জুন কঙ্গোর বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে রোনাল্ডোর পর্তুগাল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement