দিন কয়েক আগে তাঁর কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বাবার মৃত্যুর পর মেসি আর মাঠে নামবেন কিনা, চিন্তায় ছিলেন সমর্থকরা। কিন্তু মেসি শুধু মাঠে নামেননি। রীতিমতো মাঠ কাঁপিয়ে খেলছেন। শনিবার রাতে তিনি মেজর লিগ সকারে যে কীর্তি গড়লেন সেটা একপ্রকার অভাবনীয়। সিএফ মন্ট্রিলের বিরুদ্ধে একাই চার গোল করলেন এলএম টেন। তাঁর দুরন্ত পারফরম্যান্সে ভর করে সিএফ মন্ট্রিয়েলকে ৭-১ গোলে চূর্ণ করল ইন্টার মায়ামি।
শনিবার রাতে সিএফ মন্ট্রিয়েলের বিরুদ্ধে নামার আগে মোটেই ভালো ফর্মে ছিল না ইন্টার মায়ামি। পরপর পাঁচ ম্যাচে জয়হীন ছিল মেসির ক্লাব। সম্ভবত সেকারণেই এদিন নিজের কাঁধে দলকে জেতানোর দায়িত্ব তুলে নেন লিও। একাই চার গোল এবং একটি অ্যাসিস্টে। একটি করে গোল করেছেন ক্যাসিমিয়েরো এবং লুইস সুয়ারেজও। তবে শনিবার ম্যাচের আলো পুরোটা কেড়ে নিলেন মেসি (Lionel Messi)। চার গোলের মধ্যে দু'টি ফ্রি-কিক থেকে, একটি অনবদ্য ড্রিবল করে এবং একটি দুর্দান্ত লব শটে।
এই নিয়ে কেরিয়ারে অষ্টমবার এক ম্যাচে চার ম্যাচ করলেন মেসি। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার এক ম্যাচে চার গোল করেন লিও। ইন্টার মায়ামির জার্সিতে এই প্রথমবার। এদিনের চার গোল মেসিকে এমএলএসের গোল্ডেন বুট জয়ের দৌড়েও আরও অনেকটা এগিয়ে দিল। শনিবার রাতের এই অবিশ্বাস্য পারফরম্যান্সের সুবাদে চলতি মরশুমে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়াল ১৮। টেক্কা দিলেন ডালাসের পিটার মুসাকে। মুসার ঝুলিতে আপাতত রয়েছে ১৬টি গোল।
মেসি ভালো পারফর্ম করলে তুলনা চলে আসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে। আল নাসেরের জার্সিতে রোনাল্ডো শেষবার এক ম্যাচে চার গোল করেছিলেন ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি আল ওয়েহদার বিরুদ্ধে। মেসি এবং রোনাল্ডো দু'জনই এই মুহূর্তে কেরিয়ারে হাজার গোলের লক্ষ্যে ছুটছেন। রোনাল্ডো ৯৭৮টি গোল করে খানিকটা এগিয়ে। আর মেসির গোলসংখ্যা দাঁড়াল ৯২৭।
