জীবনে সব পেয়েছেন। ব্যালন ডি'অর থেকে বিশ্বকাপ, 'সব পেয়েছির দেশে' লিওনেল মেসি। তবে জীবনে আক্ষেপও রয়েছে তাঁর। নিজেই জানালেন সে কথা। কী সেই আপসোস? তা হল ইংরেজি না শেখা এবং বলতে না পারা। এর জন্য নিজেকে 'অজ্ঞ' মনে হয় তাঁর।
মেক্সিকোর এক পডকাস্টে মেসি বলেন, "আমার বহু কিছু নিয়ে আক্ষেপ রয়েছে। তা হল, আমি ইংরেজি শিখিনি। কিন্তু আমার হাতে পর্যাপ্ত সময় ছিল ইংরেজি শেখার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাইনি। আমার সঙ্গে যখন অসাধারণ কোনও মানুষের দেখা হয় বা কথা বলি, তখন নিজেকে অজ্ঞ মনে হয়। মনে হয়, আমি কত বোকা! কত সময় নষ্ট করেছি!"
মেসি জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক পর্যন্ত আর্জেন্টিনায় পড়াশোনা করেছেন। কিন্তু এরপরেই তাঁর মনোযোগ চলে যায় ফুটবলে। প্রথমে তাঁর হাতেখড়ি নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে। সেখান থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। এরপর বাকিটা ইতিহাস। আর্জেন্তিনীয় রাজপুত্রের কথায়, "আর্জেন্টিনায় যখন শেষ বছরে, তখন জানতাম আমি চলে যাচ্ছি। এরপর তো আর কিছুই সেভাবে করিনি। এসবের জন্যই আফসোস হয়। সন্তানদের বোঝাই, ভালো শিক্ষা, পড়াশোনা, নিজেকে প্রস্তুত করা ভীষণই প্রয়োজনীয়। ওদের বলি, সুযোগ কাজে লাগাও। সময় নষ্ট কোরো না। আমি ওদের কোনও কিছু অভাব রাখিনি।"
উল্লেখ্য, ১৩ বছর বয়সে রোজালিও থেকে স্পেন পাড়ি দিয়েছিলেন মেসি। যে সময়টায় পড়াশোনা করার, সেই সময় পেশাদার ফুটবল খেলছেন। তবে এর মধ্যেও ইংরেজি শেখার সুযোগ পেয়েও কাজে লাগাননি। সেই কারণেই এত দিন পর তাঁর আক্ষেপ। যদিও অতীত ভুলে এখন তাঁর পাখির চোখ ১১ জুন থেকে শুরু হতে চলা বিশ্বকাপে। গত বারের ট্রফি ধরে রাখাই লক্ষ্য তাঁর।
