shono
Advertisement
Roberto Carlos on Messi

‘লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠ বিজ্ঞাপন এখন মেসি’, সাক্ষাৎকারে কিংবদন্তি রবার্তো কার্লোস

FIFA World Cup: আজ শুরু বিশ্বকাপ। যা কি না বিশ্ব ফুটবলের তিন মহাতারকা মেসি-রোনাল্ডো-নেইমারের শেষ বিশ্বকাপ। সেই মহাযুদ্ধ শুরুর আগে আর্জেন্টিনার এক সংবাদপত্রকে সাক্ষাৎকার দিলেন ব্রাজিলের কিংবদন্তি লেফট ব্যাক রবার্তো কার্লোস।
Published By: Prasenjit DuttaPosted: 02:39 PM Jun 11, 2026Updated: 03:21 PM Jun 11, 2026

আজ শুরু বিশ্বকাপ। যা কি না বিশ্ব ফুটবলের তিন মহাতারকা মেসি-রোনাল্ডো-নেইমারের শেষ বিশ্বকাপ। সেই মহাযুদ্ধ শুরুর আগে আর্জেন্টিনার এক সংবাদপত্রকে সাক্ষাৎকার দিলেন ব্রাজিলের কিংবদন্তি লেফট ব‌্যাক রবার্তো কার্লোস (Roberto Carlos)। যার নির্যাস নিচে তুলে দেওয়া হল..।

Advertisement

প্রশ্ন: আর চব্বিশ ঘণ্টার মধ্যে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ। কী মনে হচ্ছে?
কার্লোস: উত্তেজিত লাগছে। প্রত্যেক বার বিশ্বকাপ আসে, আর আমার মনে হয়, যেন আমিই খেলতে নামব! মনে হয় যেন ট্রেনিং ক‌্যাম্পে রয়েছি। যাদের এটা মনে হয় না, তারা ফুটবলকে ভালোবাসে না।
প্রশ্ন: আপনি বিশ্বকাপ জিতেছিলেন ২০০২ সালে। তার পর থেকে ব্রাজিল আর বিশ্বকাপ জেতেনি। কী মনে হয়, এবার পারবে ব্রাজিল?
কার্লোস: আপনি তো আর্জেন্টাইন। আর্জেন্টিনাও তো বোধহয় চব্বিশ বছর পর বিশ্বকাপ জিতল!
প্রশ্ন: ছত্রিশ বছর।
কার্লোস: ইয়েস, ছত্রিশ। তা হলে? আর্জেন্টিনার আরও বেশি সময় লেগেছে। ব্রাজিল টিমকে আমরা গুছনোর চেষ্টা করেছি। আমাদের প্লেয়ার ভালো রয়েছে। কিন্তু মাঠে নেমে প‌্যাশন দেখাতে হবে। দেশের জার্সির গুরুত্বটা বুঝতে হবে। দেখুন, লাতিন আমেরিকার ফুটবল সব সময় উচ্চমানের হয়। আমাদের এবারের কোচও দারুণ। প্লেয়াররা ভালো খেললে, ফাইনাল যেতেই পারি।
প্রশ্ন: নেইমারের অন্তর্ভুক্তিতে কতটা লাভ হল?
কার্লোস: আমাদের সর্বপ্রথম দেখতে হবে, ও পুরোপুরি ফিট কি না? লাগাতার চোট-আঘাতে অদ্ভুত একটা মরশুম গিয়েছে নেইমারের। টিমের দরকার নেইমারকে। তা সে খেলুক বা বেঞ্চে বসে থাকুক। আর যদি মাঠে নামতে পারে নেইমার, দেখার মতো হবে।
প্রশ্ন: আপনি ফ্রি-কিক স্পেশালিস্ট ছিলেন। এখনকার দিনে কাকে মনে হয়, আপনার জায়গাটা নিতে পারে? অর্থাৎ, ফ্রি-কিক মারার ক্ষেত্রে?
কার্লোস: মেসি। সেট পিসে মেসি অনেক বেশি ইমপ্রুভ করেছে আগের চেয়ে। জাতীয় দলের হয়েই বলুন বা ইন্টার মায়ামি। প্রচুর গোল করে ও এখন ফ্রি-কিক থেকে।


প্রশ্ন: এমনি মেসিকে দেখে কী মনে হয়?
কার্লোস: মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়। এত কোয়ালিটি ওর যে কী বলব। সতি‌্য বলতে, মেসিই এখন লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠ বিজ্ঞাপন। আর্জেন্টিনারও। আমার মনে হয়, এবারের বিশ্বকাপ উপভোগ করা উচিত মেসির। কারণ এটাই সম্ভবত ওর শেষ বিশ্বকাপ হবে। আবারও বলছি, সম্ভবত।
প্রশ্ন: অর্থাৎ, আরও একটা বিশ্বকাপ মেসি খেলতে পারেন বলে আপনার মনে হয়?
কার্লোস: খেলতেই পারে। নিজের শরীরের যত্ন নিলে, সেটা সম্ভব। আবারও বলছি, লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠ বিজ্ঞাপন এখন মেসি। আমাদের সময় প্রচুর আর্জেন্টিনা সমর্থক মাঠে ব্রাজিল জার্সি পরে আসতেন। এখন উলটোটা হয়। ফুটবল এখন অনেক আধুনিক হয়ে গিয়েছে। প্রতিটা দেশ থেকে এখন একজন করে আইকন রয়েছে। যেমন পর্তুগালের ক্রিশ্চিয়ানো।
প্রশ্ন: ব্রাজিলকে কেউ ফেভারিট ধরছে না এবার।
কার্লোস: দরকার কী? বিশ্বকাপে যারা কম ভুল করবে, তারাই চ‌্যাম্পিয়ন হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement