shono
Advertisement
Minerva Academy

ইউরোপের বুকে ভারতের জয়ধ্বনি! ব্রাজিলের ক্লাবকে হারিয়ে গোথিয়া কাপ চ্যাম্পিয়ন মিনার্ভা

অল্প সময়ের ব্যবধানে ইউরোপের দু'টি বড় টুর্নামেন্টের শিরোপা জিতে ভারতীয় ফুটবলের মুখোজ্জ্বল করেছে মিনার্ভার খুদে ফুটবলাররা।
Published By: Prasenjit DuttaPosted: 06:15 PM Jul 18, 2026Updated: 06:28 PM Jul 18, 2026

ইউরোপের বুকে ভারতের জয়ধ্বনি! চণ্ডীগড়ের মিনার্ভা অ্যাকাডেমির অনূর্ধ্ব-১২ দল গোথিয়া কাপের ফাইনালে ব্রাজিলের আরএস স্পোর্টস ইয়েলোকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে। এর কয়েক দিন আগেই তারা ফিনল্যান্ডের হেলসিঙ্কি কাপও জিতেছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে ইউরোপের দু'টি বড় টুর্নামেন্টের শিরোপা জিতে ভারতীয় ফুটবলের মুখোজ্জ্বল করেছে মিনার্ভার খুদে ফুটবলাররা।

Advertisement

সুইডেনে অনুষ্ঠিত ফাইনালে ১০ মিনিটেই কিপগেন থাংসাংলেন মিনার্ভাকে এগিয়ে দেয়। ব্রাজিলিয়ান দল সমতা ফেরালেও ৪৯ মিনিটে মেখামখরাও নংরেমের দুর্দান্ত ফ্রিকিকে ব্যবধান বাড়ায় ভারতীয় দল। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে আরএস স্পোর্টস। যদিও শেষ পর্যন্ত ভারতীয় ক্লাবের রক্ষণের বজ্রআঁটুনিতে বারবার আটকে যায় ব্রাজিলের ক্লাব। আর তাতেই চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল।

গোটা টুর্নামেন্টেই ছিল মিনার্ভার দাপট। গ্রুপ পর্বে ইংল্যান্ডের প্রেপ স্কুলস পুমাস ব্লুকে ১২-০, নরওয়ের লিলেস্ট্রম এসকে-৩-কে ১৩-১ এবং আয়োজক সুইডেনের সুরতে আইএস এফকেকে ১৬-০ গোলে হারায় তারা। এরপর নকআউট পর্বে কেনিয়ার লিগ্যাসি অ্যাকাডেমিকে ৬-২, ইংল্যান্ডের প্রেপ স্কুলস লায়ন্সকে ১০-১, ফ্রান্সের ওএফসি কুরোনেসকে ১৭-১ এবং বলিভিয়ার ক্যানচেরিতোস এফসিকে ৮-০ গোলে উড়িয়ে দেয় মিনার্ভা।

সেমিফাইনালে ইউক্রেনের এফসি লোকোমোটিভ কিয়েভের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে ৩-২ গোলে জিতে ফাইনালে ওঠে ভারতীয় দল। এরপর শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন হয় মিনার্ভা। ২০২৩ সালে প্রথম ভারতীয় দল হিসাবে গোথিয়া কাপ জিতে ইতিহাস তৈরি করেছিল মিনার্ভা। গত বছর আর্জেন্টিনার সিইএফ ১৮ টুকুমানকে ৪-০ গোলে উড়িয়ে দ্বিতীয়বার এই টুর্নামেন্টের শিরোপা জেতা মিনার্ভা অ্যাকাডেমি নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে। তাই ভারতীয় দলকে নিয়ে প্রত্যাশার চাপও ছিল প্রবল। সেই চাপ সামলেই বাজিমাত মিনার্ভার।

গত দু'বছরে ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক যুব প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেয়েছে মিনার্ভা। নরওয়ে কাপ ও ডানা কাপ জয়ের পাশাপাশি চলতি বছর মেডিটেরেনিয়ান ইন্টারন্যাশনাল কাপে লিভারপুলের অনূর্ধ্ব-১৫ দলকে ৬-০ গোলে হারিয়েও নজর কেড়েছিল তারা। ইউরোপের মাটিতে একের পর এক ট্রফি জিতে মিনার্ভা অ্যাকাডেমিকে ভারতীয় যুব ফুটবলের মুখ বললে অত্যুক্তি হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement