shono
Advertisement
Lallianzuala Chhangte

জল্পনা সত্যি করে মোহনবাগানে ছাংতে, 'মিজো ফ্ল্যাশ'-এর আগমনে আরও শক্তিশালী আক্রমণভাগ

দলবদলের বাজারে বড় চমক দিয়ে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতেকে দলে নিল মোহনবাগান। তিন বছরের চুক্তিতে সবুজ-মেরুনে যোগ দিলেন জাতীয় দলের এই তারকা ফুটবলার।
Published By: Prasenjit DuttaPosted: 02:56 PM Aug 01, 2026Updated: 03:16 PM Aug 01, 2026

জল্পনাই সত্যি হল। দলবদলের বাজারে বড় চমক দিয়ে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতেকে দলে নিল মোহনবাগান। তিন বছরের চুক্তিতে সবুজ-মেরুনে যোগ দিলেন জাতীয় দলের এই তারকা ফুটবলার। তাঁর আগমনে আরও শক্তিশালী হল মোহনবাগানের আক্রমণভাগ।

Advertisement

দুরন্ত গতি, অনবদ্য ড্রিবলিং, বক্সের ভিতর আচমকা ঢুকে গোল করার ক্ষমতার জন্য ভারতীয় ফুটবলে ছাংতে পরিচিত ‘মিজো ফ্ল্যাশ’ নামে। ঘণ্টায় ৩৮ কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারেন তিনি। গত চার মরশুম মুম্বই সিটি এফসির হয়ে ৯১ ম্যাচে ৩০ গোল করেছেন। জিতেছেন আইএসএল লিগ-শিল্ডও। গত মরশুমে ১৩ ম্যাচে করেছিলেন ৪ গোল। ভারতীয় দলের জার্সিতেও ৫৫ ম্যাচে রয়েছে ৯ গোল। ২৯ বছরের এই মিজো ফুটবলার এবার প্রথম কলকাতার কোনও ক্লাবের জার্সি গায়ে চাপাবেন।

চুক্তি সইয়ের পর মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ছাংতে জানান, সবুজ-মেরুনে খেলার স্বপ্ন অনেক দিনের। তাঁর কথায়, "ভারতের প্রতিটি ফুটবলারেরই সবুজ-মেরুন জার্সি পরার স্বপ্ন থাকে। ছোটবেলা থেকেই ভেবেছিলাম, যদি কোনও দিন কলকাতায় খেলি, তা হলে মোহনবাগানের হয়েই খেলব। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। অন্য ক্লাব থেকেও প্রস্তাব ছিল। কিন্তু ঐতিহ্য ও সাফল্যের দিক থেকে মোহনবাগানই দেশের সবচেয়ে বড় ক্লাব। আমার ফুটবলজীবন এই ক্লাবের হয়ে না খেললে অসম্পূর্ণই থেকে যেত।"

যুবভারতীতে প্রতিপক্ষ হিসাবে খেলার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি। ছাংতের বক্তব্য, "মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমে সমর্থকদের আবেগ খুব কাছ থেকে দেখেছি। ভারতের আর কোনও ক্লাবে এমন পরিবেশ পাইনি। সেই সমর্থন এবার নিজের দলের ফুটবলার হিসাবে অনুভব করার অপেক্ষায় রয়েছি।" দলে জায়গা পাওয়ার লড়াই নিয়েও আত্মবিশ্বাসী ভারতীয় তারকা। তিনি বলেন, "মনবীর, লিস্টনের মতো ফুটবলার রয়েছে। প্রথম একাদশে সুযোগ পেতে কঠিন প্রতিযোগিতা হবে। কিন্তু সেই প্রতিযোগিতাই একজন ফুটবলারকে আরও উন্নত করে। নিজের পারফরম্যান্স দিয়ে দলে জায়গা করে নিতে চাই।"

কলকাতা ডার্বির প্রসঙ্গ উঠতেই ছাংতের গলায় আলাদা উচ্ছ্বাস। তাঁর কথায়, "ছোটবেলা থেকেই টেলিভিশনে কলকাতা ডার্বি দেখেছি। এই ম্যাচের আবহ বিশ্বের বড় বড় ডার্বির সঙ্গে তুলনীয়। এবার সেই ম্যাচে খেলতে নামার সুযোগ পাচ্ছি। সবুজ-মেরুন সমর্থকদের শুধু একটা কথাই বলতে চাই, ডার্বি জেতার জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেব। আমাদের দল এতটাই শক্তিশালী যে শুধু ডার্বি নয়, এ মরশুমে সব ট্রফি জেতার ক্ষমতা রয়েছে।" তাঁকে স্বাগত জানিয়ে মোহনবাগানের সোশাল মিডিয়া পেজ থেকে একটি রিল পোস্ট করে লেখা হয়, 'সবুজ-মেরুন আকাশে নতুন তারা, স্বাগতম ছাংতে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement