shono
Advertisement
Mohun Bagan

সিনিয়র দলের তারকা খেলিয়েও কাস্টমসের কাছে হার, কলকাতা লিগে বেহাল দশা মোহনবাগানের

কলকাতা লিগ জেতার দৌড়ে বেশ কিছুটা পিছিয়ে পড়ল সবুজ-মেরুন ক্লাব। 
Published By: Prasenjit DuttaPosted: 05:14 PM Aug 01, 2026Updated: 06:51 PM Aug 01, 2026

মোহনবাগান ০
কাস্টমস ১ (রাহুল)

Advertisement

গত ম্যাচে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে জয় পেয়েছিল মোহনবাগান। তবে এক ম্যাচ জেতে না জেতেই বড়সড় বিপর্যয়ের মুখে মোহনবাগান। ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে ০-১ গোলে হার মানল বাস্তব রায়ের দল। ফলে কলকাতা লিগ জেতার দৌড়ে বেশ কিছুটা পিছিয়ে পড়ল সবুজ-মেরুন ক্লাব।   

এই ম্যাচে কিয়ান নাসিরি বাদে কলকাতা লিগে যাঁরা নিয়মিত খেলেন সেই সব ফুটবলারদেরই নামিয়েছিলেন কোচ। গত ম্যাচে চোট নিয়ে খেলেছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনিও ছিলেন। তিনি ছাড়াও সিনিয়র দল থেকে মাঠে নেমেছিলেন অ্যালেক্স সাজি, দীপক টাংরিরা। তা সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি। আধিপত্য নিয়ে সবুজ-মেরুন ফুটবলাররা খেললেন বটে, কিন্তু গোলের দেখা পেলেন না তাবড় তারকারা।

এই মরশুমে ঘরোয়া লিগে দারুণ ফর্মে সায়ন। নিজে শুধু গোলই করছেন না সুহেল ভাটদের গোলের পাস বাড়াচ্ছেনও। এদিনও খারাপ খেলেননি। কিন্তু মহাকাঙ্ক্ষিত গোল এল না। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধে অসংখ্য গোলের সুযোগ পেলেও তা ফলপ্রসূ হয়নি। তবে কাস্টমসের খেলা দেখে কখনওই তাদের তুলনায় দুর্বল মনে হয়নি। বরং বারবার পালটা আক্রমণে উঠে এসেছে তারা। ৭৭ মিনিটে দীপেন্দু বিশ্বাসকে ফাউল করার অভিযোগে কাস্টমসের গোল বাতিল করেন রেফারি। আর মোহনবাগানের চিত্রটা ছিল ঠিক উলটো। একে গোল মিসের বহর, তার উপর ৮৫ মিনিটে পেনাল্টি পেয়ে বসে কাস্টমস। স্পট-কিক থেকে গোল করতে কোনও ভুল করেননি রাহুল সোরেন।

৯০ মিনিট পর্যন্ত খেলার ফলাফল থাকে কাস্টমসের পক্ষেই। রেফারি ৮ মিনিট অতিরিক্ত সময় দেন। শেষের দিকে গোটা দু'য়েক সুযোগ পেলেও সমতায় ফিরতে পারেনি মোহনবাগান। ফলে খালি হাতে ফিরতে হল সুহেল, সাজিদের। ম্যাচের পর কোচ বাস্তব রায় বললেন, "আমরা অনেক গোলের সুযোগ তৈরি করেছি। আমাদের দুই উইংই সচল ছিল। গোলের কাছাকাছি পৌঁছেছি। তবে আসল কাজটা হয়নি। এই জায়গাগুলো দ্রুত শুধরে নিতে হবে।" প্রতিপক্ষ দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য অসুস্থ। কয়েকদিন ধরে দলের অনুশীলনে আসতে পারছেন না। শনিবার তাঁর জায়গায় ডাগ আউটে কোচের দায়িত্ব সামলেছিলেন রাজীব বাগ। ম্যাচ জয়ের পর কাস্টমসের কোচ বলেন, "মোহনবাগানের অনেক কর্তাই আমাদের ক্লাব চালাতে সাহায্য করে। মোহনবাগানের বিরুদ্ধে খেলার পরদিন টুটুদাকে ফোন করতাম। কিংবা উনিই আমাকে ফোন করতেন। নানা রসিকতা করতাম আমরা। আজ টুটুদাকে মিস করছি।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement