shono
Advertisement
Neymar FIFA World Cup 2026

ব্রাজিলের দলে থেকেও নেই নেইমার! চলবে বিশেষ ফিজিওথেরাপি, আদৌ খেলবেন বিশ্বকাপে?

তিন বছর পর আবার ফিরেছেন জাতীয় দলের জার্সিতে। জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। কিন্তু মেগা টুর্নামেন্টে আদৌ খেলতে পারবেন নেইমার?
Published By: Anwesha AdhikaryPosted: 01:45 PM Jun 05, 2026Updated: 07:28 PM Jun 05, 2026

তিন বছর পর আবার ফিরেছেন জাতীয় দলের জার্সিতে। জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের (FIFA World Cup 2026) স্কোয়াডে। কিন্তু মেগা টুর্নামেন্টে আদৌ খেলতে পারবেন নেইমার (Neymar) ? মাঠে নামা হবে তাঁর? আগামী শনিবার মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে ব্রাজিলের। সেই ম্যাচেও ব্রাজিলিয়ান তারকা নেমার খেলবেন না। উল্লেখ্য, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু করার আগে এটাই শেষ প্রস্তুতি ম্যাচ।

Advertisement

ব্রাজিল টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে, মিশরের বিরুদ্ধে ব্রাজিলের ফুটবলাররা ক্লিভল্যান্ডে উড়ে গেলেও নেমার নিউ জার্সিতেই থাকবেন। সেখানে তাঁর চোটের পরিচর্যা করবেন ফিজিওথেরাপিস্টরা। ডান পায়ের কাফ মাসলে গ্রেড 'টু' চোট রয়েছে ব্রাজিলিয়ান তারকার। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৩ জুন, মরোক্কোর বিরুদ্ধে। সেই ম্যাচে খেলার জন্য কার্যত সময়ের সঙ্গে যুদ্ধ করছেন নেইমার। জানা গিয়েছে, আপাতত লাগাতার ফিজিওথেরাপি চলবে তাঁর। বিশেষ ধরনের ফিজিওথেরাপি প্রোগ্রামও তৈরি করা হয়েছে নেইমারের জন্য।

আসলে প্রস্তুতি ম্যাচে নেইমারকে খেলিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তি। চোট সমস্যার মধ্যেই বিশ্বকাপের দলে জায়গা করে নেন নেইমার। তারপর তাঁর চোটের পরিস্থিতি খতিয়ে দেখে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট। সেখানেই ধরা পড়ে যে, নেমারের ক্লাব স্যান্টোস যে পরিমাণ চোটের কথা বলেছিল, সেই রিপোর্টের থেকে চোটের পরিমাণ বেশিই। তারকা ফুটবলারের সেরে উঠতে এখনও বেশ খানিকটা সময় লাগবে।

মোটামুটি একটা বিষয় পরিষ্কার, কোনও প্রস্তুতি ম্যাচে না খেলেই নেইমার বিশ্বকাপে নামবেন। জাতীয় দলের হয়ে ব্রাজিলিয়ান তারকা শেষবার মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবর মাসে। তারপর থেকে চোটের কারণে আর দলে ডাক পাননি। বারবার চোট পেয়েছিলেন। ক্লাব ফুটবলেও একই পরিস্থিতি ছিল। সবিমিলিয়ে বিশ্বকাপের ঠিক আগে নেইমারের খেলা নিয়ে আশা-আশঙ্কার দোলাচলে রয়েছে ব্রাজিল শিবির। যদিও নেইমারকে ছাড়াই বেশ ভালো ছন্দে রয়েছে সেলেকাও। প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬ গোল দিয়েছেন ভিনিসিয়াস-কাসেমিরোরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement