ইঙ্গিত মিলেছিল আগেই, এবার সেটাই সত্যি হল। চলতি মরশুম শেষেই রবার্ট লেওয়ানডস্কির বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে। শনিবার নিজের সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে বিদায়ের ঘোষণা করেছেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।
২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় যোগ দিয়েছিলেন তিনি। বার্সেলোনার হয়ে চারবছরে তিনি তিনটি লা লিগা খেতাব জিতেছেন। সঙ্গে রয়েছে আরও কয়েকটি সাফল্য। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে তিনি ১৯১টি ম্যাচে গোল করেছেন ১১৯টি। তবে চলতি মরশুমটা তাঁর ভালো যায়নি। বার্সা ছাড়ার কথা ঘোষণা করলেও ভবিষ্যতে তিনি কী করবেন তা জানাননি। সংবাদমাধ্যম সূত্রে খবর, সৌদি আরব, ইটালি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবগুলির কাছ থেকে তাঁর কাছে প্রস্তাব এসেছে। যদিও তিনি এখনও সিদ্ধান্ত নেননি। এই মরশুমে বার্সেলোনার এখনও দু'টি ম্যাচ বাকি আছে। রিয়াল বেতিস ও ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচগুলিতে লেওয়ানডস্কি বার্সার জার্সি গায়ে নামবেন।
৩৭ বছর বয়সি এই স্ট্রাইকার চলতি মরশুমেও ফর্মে ছিলেন। ৪৪ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১৮টি গোল। তিনটি লা লিগার পাশাপাশি কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপও জয়ী হয়েছেন তিনি। লেওয়ানডস্কির কথায়, 'বার্সেলোনা আবার সেই জায়গায় ফিরেছে, যেখানে ওদের থাকার কথা।' রবিবার ক্যাম্প ন্যুয়ে রিয়েল বেতিসের বিরুদ্ধে ম্যাচেই শেষবারের মতো বার্সার জার্সিতে মাঠে নামবেন তিনি। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক ইতিমধ্যেই জানিয়েছেন, প্রথম একাদশেই রাখা হবে তাঁকে। তিনি বলেন, "অনেক বছর ধরে রবার্টের সঙ্গে কাজ করেছি। আমরা একসঙ্গে ন'টি ট্রফি জিতেছি। আমি যত শিরোপা জিতেছি, সবই ওকে সঙ্গে নিয়েই। তরুণ ফুটবলারদের জন্য ও আদর্শ উদাহরণ।"
