shono
Advertisement
India vs Brazil

কলকাতায় ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি শুরু, কত দাম, কোথায় পাবেন? জানুন খুঁটিনাটি

'ভিউ ফরম্যাট সিট' পদ্ধতিতে টিকিট কাটার সময়ই দর্শকেরা দেখতে পারবেন যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক কোন জায়গায়, কোন আসনে বসবেন তাঁরা।
Published By: Prasenjit DuttaPosted: 04:38 PM Sep 02, 2026Updated: 10:27 PM Sep 02, 2026

৩ অক্টোবর যুবভারতীতে মেগা ম্যাচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। এখন থেকেই সেই ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। আজ, বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুরু হয়ে গেল ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি। জানা গিয়েছে, একজন ব্যাক্তি সর্বোচ্চ ১০টি টিকিট কিনতে পারবেন। একই সঙ্গে জানা গিয়েছে, ম্যাচের সম্প্রচার কোথায় হবে। 

Advertisement

কোথায় পাওয়া যাচ্ছে টিকিট? কীভাবে কিনবেন? ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো (District by zomato)-র অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকিট। এই অ্যাপে টিকিটের জন্য আলাদা উইন্ডো রয়েছে। সেখানে গেলেই সহজেই কাটা যাবে টিকিট। তবে সেদিন স্টেডিয়ামে ঢুকতে পকেট থেকে মোটা অঙ্কের টাকা খসাতে হবে সমর্থকদের। দাম শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। আর সর্বোচ্চ টিকিটের দাম ১৫ হাজার টাকা। রয়েছে ১৫০০, ২০০০, ২৫০০, ৩৫০০, ৪৫০০, ৬০০০, ৭০০০, ৯০০০ টাকার টিকিটও।

তালিকা অনুযায়ী, A1 ব্লকের বাঁ ও ডান দিকে গোল্ড আসনের দাম ৪,৫০০ টাকা। A2-এর দুই পাশের আসন ৯,০০০ এবং A3-র দুই পাশের আসন ৭,০০০ টাকা। B1 গোল্ড আসনের দাম ২,৫০০, B2 ৬,০০০ এবং B3 ৪,৫০০ টাকা। C1-এর বাঁ ও ডান দিকে গোল্ড আসন ৩,৫০০ করে। C2-এর দুই পাশে ৭,০০০ এবং C3-এর দুই পাশে ৬,০০০ টাকা। D1 গোল্ড ২,৫০০, D2 ৬,০০০ টাকা এবং D3 ৪,৫০০ টাকা। সবচেয়ে বেশি দাম ভিআইপি আসনের। বাঁ ও ডান, দুই ক্ষেত্রেই ১৫ হাজার টাকা। অন্যদিকে, সিলভার আসনের মধ্যে A1-এর দুই পাশের দাম ৩,৫০০ করে। B1-এ ৯৯৯ থেকে ১,৫০০ টাকা। C1-এর দুই পাশের মূল্য ২,০০০ টাকা। D1-এর দাম ৯৯৯ টাকা থেকে ১,৫০০ টাকা। 

তবে বিকেল ৪টে থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় ৯৯৯ টাকার টিকিট। অভিযোগ, চাহিদার আঁচ পেয়ে সেই টিকিটের দাম বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। তাতেই ক্ষোভ ফুটবলপ্রেমীদের। কারণ, টিকিটের মূল দামের সঙ্গে যোগ হবে আরও ১৮ শতাংশ জিএসটি। তবে এবারের টিকিট বিক্রিতে রয়েছে অভিনবত্বও। 'ভিউ ফরম্যাট সিট' পদ্ধতিতে টিকিট কাটার সময়ই দর্শকেরা দেখতে পারবেন যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক কোন জায়গায়, কোন আসনে বসবেন তাঁরা। নতুন প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থায় উচ্ছ্বসিত রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-ও। তাঁর পরিচিত এক জন ইতিমধ্যেই এই ম্যাচের টিকিট কেটেছেন। সেই অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে তুলে ধরে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ইংল্যান্ডের স্টেডিয়ামগুলিতেও এই পদ্ধতিতে টিকিট কাটার সুযোগ রয়েছে।

ইতিমধ্যেই ব্রাজিল, উরুগুয়ে, পানামা ফিফা ফ্রেন্ডলির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ফেডারেশন। ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে বেঙ্গালুরুতে শিবির শুরু হবে ১৪ সেপ্টেম্বর। পানামার বিরুদ্ধে ২৬ সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে পানামা ম্যাচ খেলে ২৮ তারিখ জাতীয় দল নিয়ে কলকাতায় আসবেন খালিদ জামিল। যুবভারতীতে অক্টোবর ৩ তারিখ ব্রাজিল ও ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নামবে তারা।

যদিও ব্রাজিল ম্যাচ নিয়ে বিতর্কের অন্ত নেই। বহু প্রাক্তন তারকা এই ম্যাচ নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারতীয় ফুটবল যেখানে ধুঁকছে, সেখানে এই ম্যাচে প্রয়োজনীয়তা নিয়ে ফেডারেশনের বিরুদ্ধে তোপ দেগেছেন ভারতের কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। ‘পাহাড়ি বিছে’র প্রশ্ন, ব্রাজিল ফুটবল সংস্থা থেকে এআইএফএফের অ্যাকাউন্টে যে অর্থ আসার কথা বলা হয়েছিল, তা কি ইতিমধ্যেই এসেছে? এসে থাকলে, কত টাকা এসেছে? সেই টাকা ভবিষ্যতে কে কীভাবে এআইএফএফকে ফেরত দেবে? যদিও সেই উত্তর এখনও পাওয়া যায়নি। আপাতত টিকিট বিক্রির খবর আসতে অনলাইন প্ল্যাটফর্মে হুমড়ি খেয়ে পড়েছেন ফুটবলপ্রেমীরা। উল্লেখ্য, ভারত-ব্রাজিলের পাশাপাশি ভারত-পানামা এবং ভারত-উরুগুয়ের ম্যাচও সোনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement