বোটক্স মানে আগে ছিল ইনজেকশন আর ক্লিনিক ভিজিট। কিন্তু এখন সোশাল মিডিয়ার দৌলতে বোটক্স স্ট্রিপস (Botox Strips) বা রিঙ্কল প্যাচ নিয়ে বেশ আলোচনা চলছে। এগুলো নাকি খুব সহজে, বাড়িতে বসেই বলিরেখা কমিয়ে দেয়, এই দাবি কতটা সত্যি, সেটাই বুঝে নেওয়া যাক।
বলিরেখা কেন হয়?
ত্বকের অভ্যন্তরে কোলাজেন ও আর্দ্রতা কমে গেলে ত্বক আলগা হয়ে যায় এবং বলিরেখা দেখা দেয়। এছাড়া রোজকার মুখের অভিব্যক্তি, যেমন হাসা, ভ্রু কুঁচকানো, এই লাইনগুলোকে ধীরে ধীরে স্থায়ী করে তোলে। রোদে বেশি থাকা, কম জলপান এবং অনিয়মিত ঘুমও এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
বোটক্স স্ট্রিপস। ছবি: সংগৃহীত
বোটক্স স্ট্রিপস কীভাবে কাজ করে?
এই স্ট্রিপগুলো ত্বকের উপর লাগানো হয় এবং সেই অংশটিকে স্থির অবস্থায় রাখে। ফলে ত্বক টানটান থাকে এবং লাইনগুলো কিছুটা কম চোখে পড়ে। মূলত এগুলো ত্বকের নড়াচড়া কমিয়ে সাময়িকভাবে একটি মসৃণ লুক তৈরি করে।
স্ট্রিপস বনাম ইনজেকশন
বোটক্স ইনজেকশন পেশির স্নায়ুকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেয়, ফলে বলিরেখা তৈরি হওয়া বন্ধ হয়। কিন্তু বোটক্স স্ট্রিপস ত্বকের ভেতরে কোনও পরিবর্তন আনে না, শুধু বাইরে থেকে চেপে ধরে রাখে। তাই এটি কখনওই আসল বোটক্সের বিকল্প নয়।
ফলাফল কতটা স্থায়ী?
এই প্যাচের ফলাফল অস্থায়ী। ব্যবহার করার সময় ত্বক কিছুটা মসৃণ দেখালেও খুলে ফেললেই আগের অবস্থায় ফিরে আসতে পারে। নিয়মিত ব্যবহার করলে কিছুটা উপকার পাওয়া যেতে পারে, তবে তা সীমিত।
বোটক্স ইনজেকশন। ছবি: সংগৃহীত
দীর্ঘমেয়াদে ব্যবহার কি নিরাপদ?
সাধারণত এই স্ট্রিপগুলো নিরাপদ, যদি ত্বকে কোনও অ্যালার্জি বা জ্বালা না হয়। তবে যাঁদের সংবেদনশীল ত্বক, তাঁদের ক্ষেত্রে ত্বকরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত।
খরচ কেমন?
একবার ব্যবহারযোগ্য প্যাচ তুলনামূলক সস্তা হলেও, ভালো মানের রিইউজেবল প্যাচের দাম অনেক বেশি। তাই নিয়মিত ব্যবহার করলে খরচ বাড়তে পারে।
বোটক্স স্ট্রিপস কোনও জাদুকরী সমাধান নয়। এটি সাময়িকভাবে বলিরেখা কম দেখাতে সাহায্য করে, কিন্তু স্থায়ী পরিবর্তন আনে না। তাই এটিকে একটি সহায়ক স্কিনকেয়ার টুল হিসেবে দেখাই ভালো, মূল সমাধান হিসেবে নয়।
