shono
Advertisement
Favourite Food

খিদে নেই, তবু প্রিয় খাবারের গন্ধে জিভে জল! শরীরে তখন কী ঘটে?

প্রিয় খাবার দেখেই জিভে জল আসা যেমন স্বাভাবিক, তেমনই খারাপ গন্ধে আচমকা গা গুলিয়ে ওঠাও শরীরের স্বাভাবিক প্রতিরোধমূলক প্রতিক্রিয়া হতে পারে।
Published By: Pritimoy Roy BurmanPosted: 06:10 PM Aug 14, 2026Updated: 06:10 PM Aug 14, 2026

প্রিয় খাবার চোখের সামনে রয়েছে বা তার গন্ধ পেয়েছেন বা শুধু খাবারটির কথা ভেবেছেন, আর হঠাৎ জিভে জল চলে এসেছে! অথচ একটু আগেও হয়তো তেমন খিদে ছিল না। আসলে খাবার মুখে তোলার আগেই মস্তিষ্ক শরীরকে খাওয়ার জন্য প্রস্তুত করতে শুরু করে।

Advertisement

খাবার দেখেই কেন জিভে জল আসে?
খাবার দেখা, তার গন্ধ পাওয়া, এমনকী সেই খাবারের কথা মনে পড়াও মস্তিষ্কে সংকেত তৈরি করতে পারে। এই সংকেত স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে লালা নিঃসরণ বাড়াতে পারে। শরীর যেন আগেভাগেই বুঝে যায়, খাবার আসছে।

হজমের এই প্রাথমিক প্রস্তুতিকে বলা হয় ‘সেফ্যালিক ফেজ অফ ডাইজেশন’। অর্থাৎ, খাবার পাকস্থলীতে পৌঁছনোর আগেই হজমের প্রক্রিয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়।

লালা খাবারকে নরম করে চেবানো ও গিলে খাওয়া সহজ করে। একই সঙ্গে এটি হজমের প্রথম ধাপেও সাহায্য করে। তাই জিভে জল আসা নিছক খিদের প্রতিক্রিয়া নয়, এটি শরীরের একটি স্বাভাবিক প্রস্তুতিও।

খাবার দেখেই জিভে জল! ছবি: সংগৃহীত

শুধু খিদে পেলেই কি জিভে জল আসে?
একেবারেই নয়। মুখে জল আসা মানেই পেট খালি, এমনটা নয়। প্রিয় কোনও খাবার দেখলে বা তার গন্ধ পেলে খাওয়ার পরও একই প্রতিক্রিয়া হতে পারে।

কারণ খাবারের প্রতি আকর্ষণ শুধু শরীরের শক্তির প্রয়োজনের উপর নির্ভর করে না। কোনও খাবারের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি, আগের অভিজ্ঞতা, গন্ধ এবং আবেগও খাওয়ার ইচ্ছাকে প্রভাবিত করে।

ছোটবেলার প্রিয় কোনও খাবারের গন্ধ পেলেই যেমন হঠাৎ খিদে পেতে পারে, তেমনই সেই খাবারের সঙ্গে জড়িয়ে থাকা পুরনো কোনও স্মৃতিও মনে পড়ে যেতে পারে।

খাবারের গন্ধ এতটা প্রভাব ফেলে কেন?
গন্ধ মস্তিষ্কের কাছে খাবারের একটি শক্তিশালী সংকেত। রান্না হতে থাকা পরিচিত খাবারের গন্ধ অনেক সময় খাবার চোখে দেখার আগেই খাওয়ার ইচ্ছা বাড়িয়ে দেয়। চিকিৎসকদের মতে, এই ধরনের প্রতিক্রিয়া শরীরের খাবার গ্রহণ ও হজমের জন্য আগাম প্রস্তুতির অংশ।

অর্থাৎ, খাবারের গন্ধ শুধু নাকে পৌঁছয় না, মস্তিষ্কেও তার প্রভাব পড়ে। সেখান থেকেই শরীরের বিভিন্ন অংশে প্রস্তুতিমূলক সংকেত যেতে পারে।

অপছন্দের খাবারে অস্বস্তি! ছবি: সংগৃহীত

আবার অপছন্দের খাবারে গা গুলিয়ে ওঠে কেন?
মস্তিষ্ক শুধু খাওয়ার জন্য শরীরকে প্রস্তুত করে না, সম্ভাব্য ক্ষতিকর কিছু থেকে শরীরকে দূরেও রাখতে পারে। পচা খাবারের দুর্গন্ধ, অস্বস্তিকর কোনও দৃশ্য বা কোনও খাবারের সঙ্গে জড়িত খারাপ স্মৃতি মস্তিষ্কে বিপদের সংকেত তৈরি করতে পারে। তখন মুখে জল আসার বদলে হতে পারে বমি বমি ভাব, রিফ্লাক্স, খিদে চলে যাওয়া বা বমি।

খারাপ খাবারের স্মৃতি থেকেও কেন গা গুলিয়ে ওঠে?
এর জন্য সেই খাবারটি সামনে থাকা জরুরি নয়। কোনও খাবার খেয়ে একবার অসুস্থ হয়ে পড়লে পরে শুধু তার গন্ধ বা নাম শুনেও অস্বস্তি হতে পারে। এর কারণ, মস্তিষ্ক সেই খাবারের সঙ্গে আগের খারাপ অভিজ্ঞতার যোগসূত্র তৈরি করে নেয়। ফলে পরবর্তী সময়ে একই গন্ধ বা দৃশ্য সামনে এলেই শরীর স্বয়ংক্রিয়ভাবে এড়িয়ে যাওয়ার প্রতিক্রিয়া দেখাতে পারে।

আসলে খিদে শুধু পেটের বিষয় নয়
অ্যাপেটাইট বা খাওয়ার ইচ্ছা শুধু খালি পেটের বিষয় নয়। এটি মস্তিষ্ক, ইন্দ্রিয়, স্মৃতি, আবেগ এবং শরীরের মধ্যে যোগাযোগের ফল। তাই প্রিয় খাবার দেখেই জিভে জল আসা যেমন স্বাভাবিক, তেমনই খারাপ গন্ধে আচমকা গা গুলিয়ে ওঠাও শরীরের স্বাভাবিক প্রতিরোধমূলক প্রতিক্রিয়া হতে পারে। অর্থাৎ, আপনি প্রথম কামড় দেওয়ার আগেই আপনার মস্তিষ্ক খাবারের জন্য শরীরকে প্রস্তুত করে ফেলতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement